যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আকাশে ছোট একটি বিমানের সঙ্গে একটি এফ-১৬ জঙ্গি বিমানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের চার্লসটন শহরের ১৭ কিলোমিটার উত্তরের আকাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
রাজ্যের প্রধান শহর কলম্বিয়ার নিকটবর্তী শ বিমান ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নে এফ-১৬ বিমানটি আটলান্টিক মহাসাগরের দিকে যাওয়ার সময় অন্য বিমানটির সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর দুটি বিমানই বিধ্বস্ত হয়ে খণ্ডাংশগুলো একটি পার্ক এলাকায় ছড়িয়ে পড়ে।
শ বিমান ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, এফ-১৬ এর পাইলট জরুরি সুইচ ব্যবহার করে বিমানটি থেকে বের হয়ে প্যারাসুট যোগে নিরাপদে অবতরণ করেছেন, তিনি আঘাত পেয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে দুই আসনের সেসনা বিমানটির দুই আরোহীর উভয়েই নিহত হয়েছেন।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রান্সপোর্ট সেইফটি একটি তদন্ত শুরু করেছে।
