ফিলিপাইনে ডুবে যাওয়া ফেরি মালিকের বিরুদ্ধে মামলা
ফিলিপাইনের লেইতে উপকূলে ফেরি ডুবে অন্তত ৫৬ জন নিহত হওয়ার ঘটনায় ফেরির মালিক ও ক্রুদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমবিসিএ কিম-নার্ভানা ফেরিটি উল্টে যায়।
ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ১৮৭ জন যাত্রী ও ক্রু ছিল। ফেরিটি ওরমোক বন্দর থেকে সেবু প্রদেশের ক্যামোতেস দ্বীপে যাচ্ছিল।
প্রাথমিক তদন্তে ফেরিটি ডুবে যাওয়ার কারণ হিসেবে মানব সৃষ্ট সমস্যা ও অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করা হয়েছে।
তবে স্থানীয় গণমাধ্যমে ফেরি মালিক অতিরক্তি যাত্রী বহনের অভিযোগ অস্বীকার করেছেন। ফেরির ক্যাপ্টেনের দাবি, ঘোরার সময় প্রবল ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে যায়।
স্থানীয় পুলিশ জানায়, মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ফেরির মালিক জজে বং জারকো ও ক্যাপ্টেন ওয়ারেন অলিভিয়েরো রয়েছেন।
যদি হত্যার অভিযোগ প্রামাণিত হয় তবে তাদের ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
