২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু চুক্তির কাজ হয়েছে ৯০ শতাংশ: রাশিয়া

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তির বিষয়বস্তু তৈরির কাজ প্রায় ৯০ শতাংশ হয়ে গেছে বলে জানিয়েছেন রাশিয়ার এক শীর্ষ কূটনীতিক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

চুক্তি পাকা করা নিয়ে শেষ দফা আলোচনার জন্য ভিয়েনা যাওয়ার আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ একথা বলেন।

তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি ৩০ জুনের মধ্যেই হওয়ার সম্ভাবনা আছে। এ চুক্তির বদৌলতে ইরানের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ থাকার নিশ্চয়তা মিলবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পরিহারও সম্ভব হবে।

পরমাণু আলোচনায় অংশ নিতে শুক্রবার ভিয়েনায় যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অন্যান্য শীর্ষ কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি একথা বলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের শনিবারই ভিয়েনায় যাওয়ার কথা রয়েছে। ১৭ জুন থেকে সেখানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির বিষয়বস্তু  তৈরি করার বিষয়ে আলোচনা চলছে।

গত ২ এপ্রিলে সুইজারল্যান্ডের লুসানে ইরান ও ছয়বিশ্বশক্তি যে চুক্তিতে পৌঁছেছিল তার ভিত্তিতেই দুপক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।