তালেবানের হামলা প্রতিরোধ করে বাড়ি-গাড়ি পেলেন আফগান সেনা
আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্লামেন্ট ভবনে তালেবানের চালানো হামলা প্রতিরোধ করে বীরের মর্যাদা পেয়েছেন এক আফগান সেনা। পদোন্নতি ও বাড়ি-গাড়ি উপহার দিয়ে পুরস্কৃত করা হয়েছে তাকে।
সোমবার ওই হামলা প্রতিরোধকালে পার্লামেন্ট ভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা সার্জেন্ট ঈশা খান একাই হামলাকারী সাত বিদ্রোহীর মধ্যে ছয়জনকে হত্যা করেন।
যে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করা হয়েছিল খান তার কাছেই দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন।
ওই দিনই টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে সার্জেন্ট খানকে ব্যর্থ হামলার পর নিহত তালেবান জঙ্গিদের মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো সত্বেও নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা।
ট্যুইটারে প্রশংসার বন্যায় ভাসা সার্জেন্ট খান বলেন, “আমি তাদের মেরে ফেলি।”
“আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম, দেখলাম তারা পার্লামেন্টের দিকে দৌড়ে আসছে। আমি একজনকে গুলি করলাম, দেখলাম আরেকজন আসছে। আমি ছয়জনকে গুলি করি, ছয়জনই মারা যায়।”
“এই দেশের জন্য আমি জীবন দিয়ে দেব,” বলেন তিনি।
ঘটনার সময় আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছিল, সাত হামলাকারীকে হত্যা করে পুলিশ হামলাটি প্রতিরোধ করেছে।
পরে হামলাকারীদের প্রতিরোধে সার্জেন্ট খানের ভূমিকা পরিষ্কার হয়।
কাবুলের নিজ দপ্তরে খানকে ডেকে নিয়ে শুভেচ্ছা জানান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। সেনাবাহিনীতে তাকে পদোন্নতির পাশাপাশি তাকে একটি নতুন ফ্ল্যাট উপহার দেওয়া হয়।
সার্জেন্ট খানের ‘প্রতিরোধ ও বীরত্বে’ গর্ববোধ করছেন বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট গনি।
খানের কমান্ডার জেনারেল আব্দুল সাত্তার জানিয়েছেন, সহকর্মীদের সমর্থনে আত্মঘাতী হামলার স্থানটির খুব কাছে চলে গিয়ে ঘটনাস্থলেই হামলাকারীদের গুলি করেন খান।
তালেবানের এ হামলায় দুই বেসামরিক ও সাত হামলাকারীসহ নয়জন নিহত এবং ৪০ জন আহত হন।
হামলাটির পিছনে পাকিস্তানের ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন সার্জেন্ট খান।
তবে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা করেছে এবং বলেছে, দুটি দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং এ লড়াইয়ে আফগানিস্তানের পাশে আছে পাকিস্তান।
পরে জানা যায়, দেশটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম সার্জেন্ট খানকে একটি নতুন গাড়ি, নগদ অর্থ ও একটি মেডেল দিয়েছেন, পাশাপাশি কয়েকজন পার্লামেন্ট সদস্য তাদের এক মাসের বেতন উপহার দিয়েছেন।
