ফরাসি প্রেসিডেন্টদের উপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র: উইকিলিকস
ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাঁসোয়া ওঁলাদের উপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) গোয়েন্দাগিরি করেছে বলে উইকিলিকস বলেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের গোপন গোয়েন্দা প্রতিবেদন ও টেকনিকেল নথির বরাত দিয়ে মঙ্গলবার একথা বলেছে উইকিলিকস।
ফরাসি দৈনিক লিবারেশন এবং নিউজ ওয়েবসাইট মিডিয়াপার্ট এ বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে অন্তত ২০০৬ সাল থেকে ২০১২ সালের মে মাস (যখন সারকোজির কাছ থেকে ওঁলাদ ক্ষমতা গ্রহণ করেন) পর্যন্ত সময়ে প্রেসিডেন্টদের উপর গুপ্তচরবৃত্তি করে এনএসএ।
উইকিলিকস বলেছে, ওঁলাদ (২০১২-বর্তমান), সারকোজি (২০০৭-২০১২) এবং শিরাকের (১৯৯৫-২০০৭) পাশাপাশি ফ্রান্সের মন্ত্রিসভার সদস্য এবং যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের উপর এনএসএর সরাসরি নজরদারি থেকে এসব নথি পাওয়া গেছে।
এর আগেও যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন রাষ্ট্রীয় নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিল উইকিলিকস ওয়েবসাইট।
নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই সারকোজি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর কথা ভেবেছিলেন এবং ওঁলাদ ২০১২ সালে ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন বলে বলা হচ্ছে।
এনএসএ জার্মানির উপর নজরদারি করেছে এবং ইউরোপের অন্যান্য দেশে কর্মকর্তা ও কোম্পানির উপর নজরদারিতে জার্মানির বিএনডি গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে বলে খবর প্রকাশের পর পশ্চিমা মিত্রদের উপর যুক্তরাষ্ট্রের নজরদারির এ তথ্য ফাঁস হল।
শিগগিরই আরও ‘গুরুত্বপূর্ণ তথ্য’ প্রকাশ হবে জানিয়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, “ফরাসি জনগণের জানার অধিকার রয়েছে যে, তাদের নির্বাচিত সরকারও কথিত মিত্রের নজরদারিতে থাকছে।”
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ
ফরাসি প্রেসিডেন্টের সেলফোনসহ এলিসি প্রেসিডেন্ট প্রাসাদের বহু কর্মকর্তার সেলফোন নম্বরও এসব নথিতে রয়েছে বলে উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবের ৬০ হাজারের বেশি কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে উইকিলিকস বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও পাঁচ লাখের মতো বার্তা প্রকাশ করবে তারা।
বন্ধুদের মধ্যে গোয়েন্দাগিরি?
ওয়াশিংটন জার্মানিতে ব্যাপকমাত্রায় ইলেট্রনিক গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং এনএসএ চ্যান্সেলর মেরকেলের ফোনে আড়িপাতছে বলে এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন বলার পর জার্মানিতে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।
“জার্মানির প্রকাশিত তথ্যে যেখানে শুধু জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নজরদারির কথা বলা হয়েছে, সেখানে আজকে উইকিলিকসের প্রকাশে যুক্তরাষ্ট্রের তার মিত্রদের উপর গোয়েন্দাগিরির বিষয়ে বহু বিষয়ে অবতারণা করবে,” বলেছে উইকিলিকস।
“এখানে গোয়েন্দাদের নজরদারির মাধ্যমে পাওয়া প্রকৃত গোয়েন্দা তথ্য আছে, যাতে ফরাসি নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক গোয়েন্দা বিষয়ক মন্ত্রিদের ফোন কলের উপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি বেরিয়ে এসেছে।”
উইকিলিকস বলেছে, এনএসএর নজরদারিতে দেখা যাচ্ছে ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার পর কী ঘটতে পারে তা নিয়ে আলোচনার জন্য ২০১২ সালের মে মাসে মন্ত্রিসভার একটি গোপন বৈঠক ডেকেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে সোস্যালিস্ট ওঁলাদ কনজারভেটিভ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রথম বৈঠকে ‘হতাশ’ হয়েছিলেন বলেও এতে বলা হয়েছে।
২০১১ সালের ১০ জুনে এনএসএর নজরদারিতে পাওয়া আরেক নথিতে বলা হয়েছে, তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় চালুর কথা ভাবছিলেন।
উইকিলিকসের এই তথ্য প্রকাশ নিয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওঁলাদের দপ্তর থেকে বলা হয়েছে, উইকিলিকসের বিবৃতি নিয়ে আলোচনার জন্য বুধবার প্রতিরক্ষা কমিটির সঙ্গে বসার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট।
জ্যাক শিরাক ও সারকোজি আমলের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী মিশেলে এলিউ-ম্যা ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে বলেছেন, ফ্রান্স অনেক আগে থেকেই জানে যে কথোপকথনে আড়িপাতার মতো কারিগরি সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের।
“আমরা অতো কাঁচা নই, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কথোপকথন যা হয়েছে তা টেলিফোনে হয়নি।”
তবে যুক্তরাষ্ট্রের আড়িপাতার ঘটনা ‘মিত্রদের মধ্যে আস্থার সম্পর্কে সমস্যা তৈরি করবে’ বলে মন্তব্য করেন তিনি।
