২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কিন টাইট জিনসে স্বাস্থ্য ঝুঁকির সাবধানবাণী

শরীরের সঙ্গে আঁটোসাঁটোভাবে লাগানো ‘স্কিন টাইট’ জিনস পেশি ও স্নায়ুর মারাত্মক ক্ষতি করে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 01:17 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

সম্প্রতি চিকিৎসা সাময়িকী নিউরোলজি, নিউরোসার্জারি ও সাইক্রিয়াট্রিতে এ সতর্কতা জানিয়েছেন তারা।

সাময়িকীটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্কিন টাইট জিনস ব্যবহারের কারণে ৩৫ বছর বয়সী এক নারীরা হাঁটুর নিচে পায়ের পেছনের পেশি বেলুনের মতো ফুলে গেলে প্যান্ট কেটে পা মুক্ত করতে হয়।

অস্ট্রেলীয় এই নারী বাড়ি পাল্টানোর সময় কয়েক ঘন্টা হাঁটুগেড়ে বসে একটি কাপবোর্ড খালি করার কাজ করেছিলেন, এ সময় তার পরনে ছিল স্কিন টাইট জিনস। সন্ধ্যার দিকে তার দুটি পা অসার হয়ে যায়, আর তিনি দেখেন তিনি হাঁটতে পারছেন না।

চিকিৎসকদের ধারণা, এই নারী একটি পরিস্থিতির শিকার হয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘কম্পার্টমেন্ট সিনড্রোম’ বলা হয়, স্কিন টাইট জিনস পড়ে থাকার কারণে তার পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছিল।   

পেশি অনেকক্ষণ চাপের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে তা থেকে রক্তপাত বা ক্ষরণ হতে পারে, অনেক সময় এটি মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে যাকে কম্পার্টমেন্ট সিনড্রোম বলা হয়। এই নারীর ক্ষেত্রে এটি তার পায়ের পেছনের পেশিতে হয়েছে। 

এই পরিস্থিতিতে আক্রান্ত হওয়ার পর ওই নারী হঠাৎ পরে যান, তিনি আর উঠতে পারছিলেন না। ফ্লোরেই কয়েক ঘন্টা শুয়ে থাকতে বাধ্য হন। 

পরে অ্যাডিলেডের একটি হাসপাতালে নেওয়ার পর তার পায়ে ব্যাপক ক্ষরণ ধরা পড়ে। তার পায়ের তাপমাত্রা স্বাভাবিক এবং যথেষ্ট রক্ত সরবরাহ থাকার পরও তার পেশি দুর্বল হয়ে পড়েছিল এবং তিনি কিছুটা অনুভূতি হারিয়ে ফেলেছিলেন।

পায়ে চাপ পড়ার ফলে পায়ের পেশি ও স্নায়ু ক্ষতিগ্রস্থ হয়েছিল। চারদিন হাসপাতালে বিশেষ চিকিৎসা নেওয়ার পরই কেবল তিনি কোনো সহায়তা ছাড়াই ফের হাঁটতে সক্ষম হন।

এই ঘটনা ছাড়াও সাময়িকীটিতে স্কিন টাইট জিনস ব্যবহারে তৈরি হওয়া আরো বেশ কিছু শারীরিক সমস্যার কথা তুলে ধরে এটির ব্যবহারে সতর্ক করা হয়েছে।