যুক্তরাজ্য ত্যাগে বাধ্য হবেন হাজারো বিদেশি নার্স
সরকারের নতুন ইমিগ্রেশন নীতির কারণে হাজার হাজার অইউরোপীয় বিদেশি নার্সের যুক্তরাজ্য ত্যাগে বাধ্য হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এরফলে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবায় (এনএইচএস) বড় ধরনের প্রভাব পড়বে।
সরকারের নতুন ইমিগ্রেশন নীতি অনুযায়ী কোন বিদেশি নার্স যদি ওয়ার্ক পারমিটে যুক্তরাজ্যে ৬ বছর থাকার পর বছরে ন্যূনতম ৩৫ হাজার পাউন্ড আয় না করেন তবে তাকে দেশ ত্যাগ করতে হবে।
যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ভারত, শ্রীলংকা, ফিলিপাইনসহ অইউরোপীয় বিভিন্ন দেশের হাজার হাজার নার্স কর্মরত রয়েছেন।
সরকারের এই নীতির কারণে হাসপাতালগুলো নার্স সংকটের মুখে পড়বে। আর এতে করে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হতে পারে বলে রয়েল কলেজ অব নার্সিং সরকারকে সতর্ক করে দিয়েছে।
২০১১ সালের পরে যারা ওয়ার্ক পারমিটে এসেছেন তাদের মধ্যে প্রায় ৩ হাজার নার্সকে ২০১৭ সালের পর যুক্তরাজ্য ত্যাগ করতে হবে।
যুক্তরাজ্যের বেশির ভাগ নার্সেরই বেতন ২১ হাজার থেকে ২৮ হাজার পাউন্ডের মধ্যে। ৩৫ হাজার পাউন্ড বেতনে কাজ করছেন এমন বিদেশি নার্সের সংখ্যা কম।
দেশটিতে প্রায় ৩০ হাজার বিদেশি নার্স কর্মরত রয়েছেন।
যুক্তরাজ্য সরকার ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণের অঙ্গীকার পূরণের লক্ষ্যেই এমন পরিকল্পনা হাতে নিয়েছে।
গেল মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্যে জাতীয় স্বাস্থ্যসেবা অর্থাৎ এনএইচএস এর উন্নয়ন ছিল একটি প্রধান রাজনৈতিক ইস্যু।
অতীতে ইমিগ্রেন্ট বিষয়ে ক্যাটারিং সেক্টরে শেফদের ওয়ার্ক পারমিটে অথবা স্পাউস ভিসার ক্ষেত্রে বেতনের একটি ন্যূনতম সীমা বেঁধে দেয়া হলেও এই প্রথমবারের মতো নার্সদের বেতন এই নীতির আওতায় আনায় সমালোচনার ঝড় উঠেছে।
রয়েল কলেজ অব নার্সিং বলছে, ‘এতে এনএইচএস-এ অচলাবস্থা’ দেখা দেবে এবং নতুন নার্স নিয়োগ প্রক্রিয়ায় অচলাবস্থার সৃষ্টি হবে।’
নার্সিং কলেজের সেক্রেটারি পিটার কার্টারে বলেন, ‘অধিকাংশ নার্সের আয় কোনো অংশেই ৩৫ হাজার পাউন্ডের ধারে কাছে নয়।’
শ্যাডো হোম সেক্রেটারি লেবার দলীয় ইভেট কুপার বলেন, সরকার যুক্তরাজ্যে নার্সদের জন্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেনি। আর এখন তারা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স যারা এখানে অনেক বছর থেকে কাজ করছে তাদের ফেরত পাঠাতে চায়। কিন্তু স্থানীয় স্টাফদের দিয়ে এই খালি স্থানগুলো পূরণ করা সম্ভব হবে না।
তিনি হোম অফিস এবং হেলথ ডিপার্টমেন্টকে একযোগে কাজ করে জরুরিভিত্তিতে এই সংকট থেকে উত্তরণের দাবি জানান।
