ঋণ সঙ্কট কাটাতে গ্রিসের নতুন প্রস্তাব
ঋণ সঙ্কট নিয়ে অচলাবস্থা অবসানে গ্রিসের অর্থমন্ত্রী ব্যবসায়ী এবং ধনীদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনাসহ একটি নতুন প্রস্তাব দিয়েছেন।
ইউরোজোনের শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাবকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন এবং এ সপ্তাহ শেষেই একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন মন্ত্রীরা।
তবে ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছেন, এটি আরো ভালভাবে পড়ে দেখা প্রয়োজন এবং এর ভিত্তিতে কোনো চুক্তিতে পৌঁছা যাবে কিনা তা খতিয়ে দেখতে কয়েক দিন লেগে যাবে।
ইউরোগ্রুপের চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আগামী কয়েকদিন বিষয়টি নিয়ে কঠোর পরিশ্রম করব এবং এ সপ্তাহেই গ্রিক সকারের সঙ্গে চুক্তিতে পৌঁছার চেষ্টা চালাব।”
তিনি গ্রিসের প্রস্তাবটিকে আলোচনা শুরুর একটি ভাল ভিত্তি বলে অভিহিত করেন। সোমবার গ্রিসের ঋণ চুক্তি নিয়ে ব্রাসেলসে ইউরোজোনের বৈঠকের আগেই পাঠানো হয় গ্রিসের নতুন প্রস্তাব। এ প্রস্তাবে নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর ভ্যাট বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবটি নিয়ে অনেকেই আশাবাদী হলেও খুব একটা আশা প্রকাশ করেনি জার্মানি। প্রস্তাবটি নিয়ে আরো কাজ করার আছে এবং এ প্রক্রিয়ায় কয়েকদিন লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
আগামী কয়েক মাসের মধ্যে চরম ঋণগ্রস্ত গ্রিসকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বিপুল পরিমাণ ঋণ শোধ করতে হবে। তার আগে চুক্তিতে পৌঁছার জন্য গ্রিসের হাতে সময় আছে ৩০ জুন পর্যন্ত।
আইএমএফকে ১৬০ কোটি ইউরো ফেরত দেয়া ছাড়াও আগামী দু’মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৬৭০কোটি ইউরো৷
এ লক্ষ্যে দাতাদের কাছ থেকে বেইলআউট প্যাকেজের শেষ কিস্তি ৭২০কোটি ইউরো পেতে আলোচনাচালিয়ে এসেছে গ্রিস৷ কিন্তু দাতাদের দেয়া সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশটি৷
গ্রিসের সঙ্গে ইইউ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ এর বৈঠকে মতানৈক্য দেখা দেয় পেনশন কাটছাঁটের প্রস্তাব নিয়ে। দাতারা চাইছিলেন গ্রিসের পেনশনের অর্থ কমাতে৷
কিন্তু গ্রিস তাতে রাজি হয়নি৷ এ মতানৈক্যের কারণে চুক্তি না হলে গ্রিস ইউরোজোন এবং ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। গ্রিসের নতুন প্রস্তাবে কিছুটা আশার আলো দেখা গেলেও শঙ্কা এখনো কাটেনি।
