চীনে কুকুরের মাংস ভক্ষণ উৎসব
পশু অধিকার কর্মীদের শত আপত্তি সত্ত্বেও দক্ষিণ-পশ্চিম চীনে বাৎসরিক কুকুরের মাংস খাওয়া উৎসব হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, গুয়ানজি প্রদেশের ইউলিনে এ উৎসবে প্রায় ১০ হাজার কুকুর হত্যা করা হয়। রোব ও সোম দুদিনব্যাপী এ উৎসব পালন হয়েছে।
ঐতিহ্য অনুযায়ী উৎসবে ইউলিনবাসীরা লিচুর সঙ্গে মিলিয়ে কুকুরের মাংস খায়। যদিও চীনেই এ উৎসবের বিরোধীতা রয়েছে। তাদের একজন অবসরপ্রাপ্ত স্কুক শিক্ষিকা ইয়াং জিয়াইয়ুন।
তিনি সাত হাজার ইয়েন ব্যয় করে ১০০টি কুকুর কিনেছেন। তিনি সেগুলো ছেড়ে দেবেন।
পশু অধিকার কর্মীদের অভিযোগ, এ উৎসবে অত্যন্ত নিষ্ঠুরভাবে কুকুরদের হত্যা করা হয়। যদিও ইউলিনের বাসিন্দা ও ধর্মীয় নেতাদের দাবি, খুব সাধারণভাবেই কুকুরদের হত্যা করা হয়।
অনলাইনে এক প্রচারাভিযানে ইউলিনের এই উৎসব নিষিদ্ধ করতে এখন পর্যন্ত ৩৮ লাখ সাক্ষর সংগ্রহ করা হয়েছে। দেশি-বিদেশি তারকাদের সমর্থন আদায়ের চেষ্টাও করা হচ্ছে।
সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চার বা পাঁচ শত বছর আগে চীন, দক্ষিণ কোরিয়া এবং আরও কয়েকটি দেশে কুকুরের মাংস খাওয়ার প্রচলন ছিল। তাদের বিশ্বাস ছিল, এর ফলে তারা গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে।
তবে ইউলিনে গত কয়েক বছর ধরে এই উৎসব শুরু হয়েছে বলে জানায় সিনহুয়া। উৎসব ঐতিহ্যবাহী হলেও প্রাদেশিক সরকার এতে জড়িত থাকে না।
ইউলিনের প্রশাসনিক কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, “গ্রীষ্মকালে বছরের সবচেয়ে বড় দিনে ইউলিনের বাসিন্দাদের একাংশ একসঙ্গে লিচু ও কুকুরের মাংস খায়।”
“‘গ্রীষ্মের সবচেয়ে বড় দিনে লিচু ও কুকুরের মাংস খাওয়ার উৎসব’ একেবারেই বাণিজ্যিক বিষয়। প্রশাসনের পক্ষ থেকে কখনই এ ধরনের উৎসবের আয়োজন করা হয় না।”
