মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামছে ইইউ
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে মানবপাচার বন্ধে নৌ অভিযান শুরু করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ।
সোমবার লুক্সেমবার্গে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন এবং এদিন থেকেই কাজ শুরু করার কথা সাংবাদিকদের জানিয়েছেন ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি।
তবে জাতিসংঘের নির্দেশনা না থাকায় আপাতত ইইউ মানবপাচারকারীদের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মধ্যেই অভিযান সীমিত রাখবে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসীরা লিবিয়া উপকূলে জড় হয় এবং সেখান থেকে ঝুঁকিপূর্ণভাবে নৌযানে করে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।
যুদ্ধ ও অর্থনৈতিক দুর্দশার কারণে সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দেয়া অবৈধ অভিবাসীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকে সাগরে ডুবে প্রাণ হারিয়েছে। এপ্রিলে এরকম একটি দুর্ঘটনায় প্রায় আটশ’ অভিবাসী প্রাণ হারায়।
ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি বলেন, “আজই অভিযানের যাত্রা শুরু হচ্ছে। আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই: এ অভিযানের লক্ষ্য কোনো ভাবেই অভিবাসীরা নয়। বরং এ অভিযানের লক্ষ্য তারা যারা ওই সব অভিবাসীদের জীবনের বিনিময়ে এবং কখনো কখনো মৃত্যুর বিনিময়েও নিজেদের পকেট ভারী করে। অভিবাসীদের জীবন বাঁচাতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।”
ইইউ কর্মকর্তারা এ অভিযান তত্ত্বাবধান করবেন। মানবপাচার বন্ধে অভিযানটি চালানো হবে। প্রাথমিকভাবে মানবপাচারকারীদের নৌযানগুলো আটক করে সেগুলো ধ্বংস করা হবে। সম্ভব হলে লিবিয়ার জলসীমানায়ও এ কাজ করা হবে।
তবে এজন্য ইইউ কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হবে এবং লিবিয়ার জলসীমায় অভিযান চালানোর জন্য লিবিয়া কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে।
যেহেতু উপরের দুইটি শর্তের কোনোটি এখনো পূরণ হয়নি তাই আপাতত ইইউ তাদের অভিযানের অংশ হিসেবে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় জাহাজ ও এয়ারক্র্যাফ্ট পাঠাবে এবং পাচারকারীদের তথ্য ও তাদের তৎপরতার নিয়ে খোঁজখবর করবে।
আগামী দিনগুলোতে মিশন শুরু করা হবে বলে জানান মঘেরিনি। ইইউ অভিযান চালানোর বিষয়ে কিভাবে অনুমতি দেয়া যায় তা বিবেচনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
কূটনীতিকরা বলছেন, লিবিয়ার সম্মতি পাওয়া গেলে এ মাসের শুরু থেকেই ভূমধ্যসাগরে অভিযান পরিচালনা করা যেত।
লিবিয়ার সম্মতি পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা দেশটির বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বী দুইটি রাজনৈতিক দল সেখানে ক্ষমতা দখলের লড়াই করছে।
