২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে আল জাজিরার সাংবাদিক গ্রেপ্তার

আইনজীবীকে নির্যাতনের দায়ে ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরার এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ।

রয়টার্স

রয়টার্স

Published : 21 Jun 2015, 03:58 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

আহমেদ মনসুর নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে মিশরের জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জার্মান পুলিশের এক মুখপাত্র।

আল জাজিরার আরবি বিভাগে কর্মরত মিশর ও ব্রিটিশ নাগরিকত্বধারী মনসুরকে বার্লিনের তেগেল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দোহা যাওয়ার চেষ্টা করছিলেন।    

২০১১ সালে তাহরির স্কোয়ারে এক আইনজীবীকে নির্যাতনের অভিযোগে গত বছর মনসুরকে ১৫ বছরের কারাদণ্ড দেয় কায়রোর একটি আদালত।

তবে আল জাজিরা তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে।

টেলিভিশনটির আইনজীবী সাদ জাবের রয়টার্সকে বলেন, “আমরা জানি মিশর কর্তৃপক্ষ আমাদের সাংবাদিকদের হেনস্তা করার ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং এর ধারাবাহিকতায়ই তাকে (আহমেদ মনসুর) গ্রেপ্তার করা হয়েছে।”

মনসুরকে মিশরের কাছে হস্তান্তরের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জার্মান পুলিশের মুখপাত্র।