২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতি চুক্তি ছাড়াই শেষ হল ইয়েমেন আলোচনা

ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তির লক্ষ্য নিয়ে জাতিসংঘের উদ্যোগে জেনেভায় আয়োজিত শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jun 2015, 03:14 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শুক্রবার আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর যুদ্ধ বিমানগুলো হুতি বিদ্রোহী ও মিত্র অভিজাত রিপাবলিকান গার্ড বাহিনীর অবস্থানের ওপর বোমা হামলা করেছে। 

২৬ মার্চ ভোর থেকে এ বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে দুই হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে বৈধ প্রেসিডেন্ট দাবি করে তাকে পুনরায় ক্ষমতাসীন করতে বিমান হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে সৌদি আরব। 

কিন্তু বিশ্লেষকদের মতে, শিয়া ইরানসমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের হাতে ইয়েমেনের সম্পূর্ণ ক্ষমতা চলে যাওয়া ঠেকাতেই সেখানে হামলা চালাচ্ছে সুন্নি সৌদি আরব জোট বাহিনী। 

দেশ থেকে পালিয়ে যাওয়া ইয়েমেনের সাবেক সুন্নি প্রেসিডেন্ট হাদি বর্তমানে সৌদি রাজধানী রিয়াদে অবস্থান করছেন।

জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউলদ শেখ আহমেদ জানিয়েছেন, পাঁচ দিনের ‘নিবিড় আলোচনায়’ দুপক্ষ অস্ত্রবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২১৬ প্রস্তাব মেনে নিজ নিজ বাহিনী প্রত্যাহারের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। 

শেখ আহমদ ‘নিবিড় আলোচনার’ দাবি করলেও প্রকৃত ঘটনা হল, জেনেভায় একই টেবিলে বসতে বিবদমান পক্ষগুলো অস্বীকৃতি জানিয়েছে এবং শেখ আহমদকে দুপক্ষের মধ্যে কথা চালাচালি করে বৈঠক এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখতে হয়েছে।  

জেনেভায় এক সংবাদ সম্মেলনে আহমদ বলেন, “আলোচিত বিষয়গুলোর মধ্যে অস্ত্রবিরতি ও বাহিনী প্রত্যাহারের বিষয়ে সবপক্ষের মধ্যে আগ্রহ দেখা গেছে। এ কয়দিনের আলোচনায় আমার মধ্যে এ আশাবাদ জন্মেছে যে আসছে দিনগুলোতে (ফের আলোচনার মাধ্যমে) আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারব।”  

“আপনারা জানেন, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির বাইরে আছে এবং অনেক প্রাণহানির মুখেও বিবদমান পক্ষগুলো নিজ নিজ অবস্থান শক্তভাবে ধরে রেখেছে। এত সব বিষয়ের কারণে আমাদের জন্য বিষয়টি সহজ হচ্ছে না,” বলেন তিনি। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামনে পরিস্থিতি তুলে ধরতে আগামী রোববার তিনি নিউ ইয়র্ক যাবেন বলে জানিয়েছেন আহমদ।

অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে ও বাহিনী প্রত্যাহার তদারক করতে বেসামরিক পর্যবেক্ষক বাহিনী মোতায়েনে আহমদের প্রস্তাবটির পক্ষেও বৃহৎ শক্তিগুলোর অনুমোদন দরকার হবে। 

হাদির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন আব্দুল্লাহ জানিয়েছেন, আলোচনা কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে না এগোলেও আরো আলোচনার সুযোগ তৈরি হয়েছে, তবে পরবর্তী আলোচনার কোনো দিনক্ষণ নির্দিষ্ট হয়নি। 

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা যে প্রত্যাশা নিয়ে এগোতে চেয়েছিলাম, হুতি প্রতিনিধিরা সেভাবে এগোতে দেননি। তবে এর মানে এই নয় যে আমরা ব্যর্থ হয়েছি।” 

অপরদিকে হুতি প্রতিনিধি দলের প্রধান হামজা আল হুতি বৈঠকে সিদ্ধান্তহীনতার জন্য সৌদি আরবকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, “আমরা বলছি না, জেনেভা সম্মেলন ব্যর্থ হয়েছে বরং এটি প্রথম একটি পদক্ষেপ। তবে আগ্রাসনের কারণে, যার প্রধান সৌদি আরব, এখানে পরিষ্কার ও পদ্ধতিগত প্রতিবন্ধকতা রয়ে গেছে। তারা চান না ইয়েমেনিরা কোনো সমাধানে আসুক, তাই তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছেন এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে অবরোধও চালিয়ে যাচ্ছেন।”