খুনিকে ‘ক্ষমা করলেন’ চার্লসটনে নিহতদের স্বজনেরা
যুক্তরাষ্ট্রের চার্লসটনে গির্জার ভিতরে গুলিতে নিহত নয় ব্যক্তির কয়েকজনের আত্মীয়স্বজন আদালতে সন্দেহভাজন খুনির সঙ্গে কথা বলেছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন।
বুধবার রাতে দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটন শহরে কৃষ্ণাঙ্গদের একটি শতবর্ষী পুরনো গির্জায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্দেহভাজন খুনি ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ ডিলান স্ট্রম রুফ গির্জায় প্রবেশের পর গুলি করে কৃষ্ণাঙ্গ ছয় নারী ও তিন পুরুষকে হত্যা করেন।
নর্থ ক্যারোলাইনা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার রুফকে ভিডিও লিংকের মাধ্যমে চার্লসটনের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার বিকালে শুনানিকালে আদালতের প্রশ্নের উত্তরে নিজের নাম, বয়স ও ঠিকানা নিশ্চিত করেন রুফ। নিজেকে বেকার বলেও স্বীকার করেন।
এ সময় বিচারকের আমন্ত্রণে রুফের সঙ্গে সরাসরি কথা বলার জন্য নিহতদের আত্মীয়স্বজন আদালতে উপস্থিত ছিলেন।
অশ্রুসিক্ত নয়নে তারা সরাসরি খুনির সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলেন। এ সময় রুফের মধ্যে আবেগের কোনো প্রকাশ দেখা যায়নি।
নিহত ইথেল লেন্সের কন্যা বাষ্পরুদ্ধ কণ্ঠে রুফকে বলেন, “আমার কাছ থেকে খুব মূল্যবান কিছু ছিনিয়ে নিয়েছো তুমি। আমি আর কখনো তার (মা) সঙ্গে কথা বলতে পারব না। আমি আর কখনো তাকে জড়িয়ে ধরতে পারবো না।”
“কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর ঈশ্বরও তোমাকে ক্ষমা করুন।”
চার্লসটনে ইমানুয়েল আফ্রিকান-আমেরিকান চার্চে হামলার পরদিন নিহতদের স্মরণে চার্চটির সামনে প্রার্থনার পর প্রার্থনাকারীরা আবেগে পরস্পরকে জড়িয়ে ধরেন। রয়টার্স
চার্লসটনে ইমানুয়েল আফ্রিকান-আমেরিকান চার্চে হামলার ঘটনায় নিহতদের স্মরণে চার্চটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো অব্যাহত রয়েছে। রয়টার্স।
রুফের গুলিবর্ষণে ফেলেসিয়ার ছেলে তিওয়ানজা গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে আছেন।
আদালতের প্রকাশ করা নথিতে দেখা যায়, গুলি শুরু করার প্রায় ঘণ্টাখানেক আগে গির্জাটিতে প্রবেশ করেছিলেন রুফ। প্রার্থনারত লোকজনের সঙ্গে ঘন্টাখানেক সময় কাটানোর পর গুলিবর্ষণ শুরু করেন তিনি। হতাহতদের শরীরে কয়েকটি করে গুলি লেগেছে।
একই দিন রুফের পরিবারের পক্ষ থেকেও তাদের আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
তাতে বলা হয়, “শব্দ দিয়ে আমাদের আঘাতের সীমা প্রকাশ করা যাবে না। ওই রাতে যা হয়েছে তা আমাদের কাছে অবিশ্বাস্য, এতে তীব্র মর্মপীড়ায় ভুগছি আমরা। যা হয়েছে তাতে প্রচণ্ড শোকে বিধ্বস্ত হয়ে গেছি আমরা।”
চার্লসটনে ইমানুয়েল আফ্রিকান-আমেরিকান চার্চে হামলার ঘটনা তদন্তে তদন্তকারীরা গির্জাটিতে প্রবেশ করছেন। রয়টার্স
চার্লসটনে ইমানুয়েল আফ্রিকান-আমেরিকান চার্চে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউজে প্রেস ব্রিফিং-এ কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যান। রয়টার্স
এই হত্যাকাণ্ডটিকে বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ হিসাবে বিবেচনা করছে চার্লসটন পুলিশ। অপরদিকে এ অপরাধটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আওতায় পড়ে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
“গুলিবর্ষণের ঘটনাটি আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাস ও ভীতি ছড়ানোর জন্য করা হযেছে” বলে এক বিবৃতিতে জানিয়েছে বিচার বিভাগ। অন্যান্য সব সম্ভাবনাও বিবেচনা করে দেখার কথা জানিয়েছেন তারা।
রুফের বিরুদ্ধে বাইবেল স্টাডি গোষ্ঠীর ওপর গুলিবর্ষণ ও নয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চার্লসটনের স্পোর্টস গ্রাউন্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে প্রার্থনা ও গানের মাধ্যমে নিহতদের স্মরণ করেন।
