মেক্সিকোয় বিয়ার বিতরণকেন্দ্রে হামলা, নিহত ১০
মেক্সিকোর মন্টেররেই শহরের কাছে একটি বিয়ার পানীয় বিতরণকেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি বলছে, গুলিতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আর বাকি তিনজনকে হাসপাতালে নেয়ার পর তারা মারা যান।
গার্সিয়া মিউনিসিপালিটিতে এই হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, এটি একটি পরিকল্পিত ও মাদকচক্রকেন্দ্রিক হামলা কিনা এ ব্যাপারে তারা তদন্ত শুরু করেছেন।
মেক্সিকোর এল ইউনিভার্সাল সংবাদপত্র জানিয়েছে, গার্সিয়ায় করোনা বিয়ার বিতরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। বিতরণকেন্দ্রটি বিভিন্ন দোকানে বিয়ার সরবরাহ করতো।
হামলাস্থলটির অবস্থান মন্টেররেই শহর থেকে ৪০ কিলোমিটার দূরে।
ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই ওই কেন্দ্রের কর্মী ছিলেন।
একজন কর্মকর্তা জানান, অস্ত্রধারীরা ওই বিতরণকেন্দ্রে প্রবেশ করে কর্মীদের কাছে অর্থ দাবি করেন এবং তারপরই তাদের ওপর গুলি চালান।
তবে নুয়েভো লিওন প্রদেশের অ্যাটর্নি জেনারেল জেভিয়ার ফ্লোরেস জানিয়েছেন, ওই কেন্দ্রটিতে অস্ত্র এবং মাদক পাওয়া গেছে।
