২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ চুক্তি নিয়ে আশাবাদী গ্রিক প্রধানমন্ত্রী

গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস সোমবার ইউরোজোনের সম্মেলনেই ‍ঋণচুক্তিতে পৌঁছার আশা প্রকাশ করেছেন।

রয়টার্স

>> আইএএনএস/

রয়টার্স

Published : 19 Jun 2015, 08:13 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

এক বিবৃতিতে তিনি বলেন, “সোমবার ইউরোজোনের দেশগুলোর নেতাদের সম্মেলন ঋণচুক্তি করার পথে একটি ইতিবাচক অগ্রগতি।”

সম্মেলনকে সফল করার লক্ষ্য নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন জানিয়ে সিপ্রাস বিবৃতিতে বলেন, “ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) নীতি ও গণতন্ত্রের ভিত্তিতে একটি সমাধানে পৌঁছানো হবে। যাতে করে ইউরোজোনে গ্রিসের প্রবৃদ্ধি ফিরবে।”

সিপ্রাস বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান। সেখানে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দেখা করা এবং শনিবার এথেন্সে ফেরত যাওয়ার কথা রয়েছে।

সপ্তাহান্তে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কারের সঙ্গে বৈঠকসহ কয়েকটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবারের বৈঠকে ইউরোজোনের অর্থমন্ত্রীরা একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক সোমবার আরেকটি সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন।

বৃহস্পতিবারের বৈঠকের পর ইউরোজোনের প্রেসিডেন্ট ঋণচুক্তি হওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি বলে জানান। এরপর তুস্ক ওই বৈঠক ডাকেন এবং গ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে বৈঠক করার সময় হয়েছে বলে মন্তব্য করেন।

আগামী কয়েক মাসের মধ্যে চরম ঋণগ্রস্ত গ্রিসকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বিপুল পরিমাণ ঋণ শোধ করতে হবে। তার আগে চুক্তিতে পৌঁছার জন্য গ্রিসের হাতে সময় আছে ৩০ জুন পর্যন্ত।

আইএমএফকে ১৬০ কোটি ইউরো ফেরত দেয়া ছাড়াও আগামী দু’মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৬৭০ কোটি ইউরো৷ এ লক্ষ্যে দাতাদের কাছ থেকে বেইলআউট প্যাকেজের শেষ কিস্তি ৭২০ কোটি ইউরো পেতে আলোচনাকরছে গ্রিস৷ কিন্তু দাতাদের দেয়া সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারছে না দেশটি৷ 

গ্রিসের সঙ্গে ইইউ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ এর বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে মতানৈক্য চলছে৷ সবচেয়ে বেশি মতানৈক্য দেখা দিয়েছে পেনশন কাটছাঁটের প্রস্তাব নিয়ে। দাতারা চাইছেন গ্রিসের পেনশনের অর্থ কমাতে৷কিন্তু গ্রিস তাতে রাজি নয়৷

এ মতানৈক্যের কারণে চুক্তি না হলে গ্রিস ইউরোজোন এবং ইইউ থেকে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওদিকে, গ্রিসের ব্যাংকগুলো থেকে একদিনেই ১শ’ বিলিয়নের বেশি ইউরো তুলে নেয়ায় ব্যাংকের অবস্থা নিয়েও শঙ্কা বাড়ছে।