ভারতে বিষাক্ত মদ পানে ৩৫ জনের মৃত্যু
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে বিষাক্ত মদ খেয়ে অন্ততপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
মালাদ এলাকার বস্তির অধিবাসীরা বুধবার সকালে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় অসুস্থ প্রায় ২০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতে প্রায়ই বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। দেশটির জনগোষ্ঠী সস্তায় স্থানীয় মদ (চোলাই) কিনে নেশা করে থাকে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষাক্ত মদপানে মৃত্যুবরণকারী একব্যক্তির স্ত্রী তায়রা খান বলেন, পেটে ব্যথা ও বমি বমি ভাব শুরু হওয়ায় তার স্বামীকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। আর এর তিনঘণ্টা পর তিরি মারা যান।
তাদের সংসারে তিন শিশু সন্তান রয়েছে।
এরআগে জানুয়ারিতে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে অন্ততপক্ষে ২৯ জনের মৃত্যু হয়।
২০১১ সালে দেশটির পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পান করে ১৭০ জন মারা যান।
২০০৯ সালের সেপ্টেম্বরে উত্তর প্রদেশে মারা যান অন্ততপক্ষে ৩০ জন। আর ২০০৯ সালের জুলাইয়ে গুজরাটে শতাধিক মানুষ বিষাক্ত মদ পান করার পর বিষক্রিয়ায় মারা যান।
