২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু শক্তিপ্রয়োগ নয়, চাই রাজনৈতিক সমঝোতা

বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সমঝোতা তৈরির উপর জোর দিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 02:57 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব বান কি মুনের কাছে শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশমালায় এ অবস্থান তুলে ধরা হয়।

শান্তিরক্ষা কার্যক্রমকে যুগোপযোগী এবং বাস্তবসম্মত করতে ৫০ সদস্য রাষ্ট্র থেকে ৮০টিরও বেশি লিখিত মতামত থেকে এই সুপারিশমালা তৈরি করা হয়েছে। 

এর মধ্যে আফ্রিকান ইউনিয়নসহ আঞ্চলিক বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণও ছিল।

সুপারিশ তৈরির আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, কার্যকর কর্মশালা, দাঙ্গাপূর্ণ এলাকা ভ্রমণ এবং দাঙ্গায় লিপ্ত গোষ্ঠির লোকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

সাবেক মহাসচিব কফি আনানের নির্দেশে গঠিত আরেকটি বিশেষজ্ঞ কমিটির একই ধরনের সুপারিশের ১৫ বছর পর নতুন এই  সুপারিশমালা দেওয়া হলো।

সুপারিশমালা গ্রহণ করে সেপ্টেম্বরে সাধারণ অধিবেশনে আলোচনার আগে সংস্থার প্রতিটি বিভাগে এসব প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন বান কি-মুন। এসব সুপারিশ পরে নিরাপত্তা কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন শেষে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

পরে এক ব্রিফিংয়ে সুপারিশমালার বিভিন্ন দিক তুলে ধরেন প্যানেলের চেয়ারম্যান এবং শান্তিতে নোবেলজয়ী ইস্ট তিমুরের সাবেক প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা । তার সঙ্গে ছিলেন প্যানেলের ভাইস চেয়ার বাংলাদেশি বংশোদ্ভুত ড. আমিরা হক এবং মহাসচিবের মুখপাত্র ফারহান হক।

হোসে রামোস বলেন, “শুধু সামরিক শক্তি প্রয়োগ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ জন্যে প্রয়োজন রাজনৈতিক সমাধান।

“জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য সফল করতে অবশ্যই আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভেদ দূর করার যথাযথ কৌশল অবলম্বন করতে হবে।”

সুপারিশমালায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চারটি বিষয়কে গুরুত্ব দিতে বলা হয়েছে। এগুলো হচ্ছে- রাজনৈতিক সমাধান, প্রয়োজন অনুযায়ী বিবেচনাপ্রসূত সামরিক অভিযান, দাঙ্গা-হাঙ্গামায় লিপ্তদের দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং সর্বসাধারণের প্রত্যাশা অনুযায়ী কার্যবিধি অবলম্বন।

এতে বলা হয়েছে, গোলযোগপূর্ণ এলাকার নিরীহদের রক্ষাই হবে মূল দায়িত্ব। একই সঙ্গে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে দাঙ্গায় লিপ্তদের সঙ্গে  আলোচনাও শুরু করতে হবে।

শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এমন হুমকি মোকাবেলায় নিরাপত্তা কাউন্সিলকে অবিলম্বে ব্যাপক অভিজ্ঞতা ও বহিঃসম্পদের সমন্বয়ে ‘আন্তর্জাতিক ফোরাম’ প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে কমিটি।

একইসঙ্গে জাতিসংঘকে সুনির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছে, যেখানে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তাৎক্ষণিকভাবে শান্তি প্রক্রিয়া শুরুর রোডম্যাপ থাকবে।

‘শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক ‘উপ-মহাসচিব’ এর একটি নতুন পদ সৃষ্টিরও সুপারিশ করা হয়েছে।

শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া দেশগুলোর মতামত সবসময় বিবেচনায় নেওয়া হয় না- এমন অভিযোগের বিষয়ে কমিটির চেয়ারম্যান বলেন, “সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে একে (শান্তিরক্ষা) প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কারণ তাদের সৈন্য ও পুলিশ সদস্যদের অভিজ্ঞতা উপেক্ষা করে চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি সদস্য ও  সরঞ্জাম সরবরাহকারী হিসাবে বাংলাদেশ কয়েক বছর ধরেই এই কার্যক্রমকে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে আসছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন মনে করেন, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশমালায় বাংলাদেশের এই তাগিদের প্রতিফলন ঘটেছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিরক্ষা মিশনের উচ্চ পদে যতো বেশি বাংলাদেশি অন্তর্ভুক্ত হবে, ততো দ্রুত ত্বরান্বিত হবে মিশনের লক্ষ্য অর্জন।”