২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ের নির্বাচনী পরিকল্পনা প্রত্যাখ্যান হংকংয়ের

বেইজিংসমর্থিত নির্বাচন সংস্কার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন হংকয়ের আইন পরিষদের প্রতিনিধিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 02:46 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের আগে প্রস্তাবিত বিলটি পাস না হওয়ার সম্ভাবনা দেখা দিলে সরকার সমর্থক অধিকাংশ প্রতিনিধি পরিষদ থেকে ওয়াক আউট করেন। 

উপস্থিত বাকি ৩৭ জন পরিষদ সদস্যের মধ্যে আটজন পক্ষে ও ২৮ জন বিলটির বিপক্ষে ভোট দেন। 

নির্বাচন সংস্কারের এই বিলটির বিরোধিতা করে হংকংয়ের গণতন্ত্রপন্থি জনতা গেল বছর রাজপথে ব্যাপক বিক্ষোভ গড়ে তুলেছিল। গণতন্ত্রপন্থি প্রতিনিধি পরিষদের সদস্যরাও প্রস্তাবিত বিলটির বিরোধিতা করে আসছিলেন। 

নির্বাচন সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের যে রূপ বেইজিংসমর্থিত বিলটিতে প্রস্তাব করা হয়েছে তাকে ‘ভুয়া গণতন্ত্র’ বলে অভিহিত করেছে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। 

হংকংবাসীদের সরাসরি ভোটে হংকংয়ের পরবর্তী শাসক নির্বাচিত করার প্রস্তাব দিয়েছে বেইজিং। তবে শর্ত হল বেইজিং অনুমোদিত প্রার্থীরাই শুধু নির্বাচনে দাঁড়াতে পারবেন। 

২০১৭ সালে হংকংয়ের পরবর্তী শাসক নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে।