২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আইএসের গাড়িবোমা হামলায় বহু হতাহত

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলার পাশাপাশি এবার ইয়েমেনের রাজধানী সানার চারটি এলাকায় সমন্বিত গাড়িবোমা হামলা চালিয়েছে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jun 2015, 01:12 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

অপর প্রভাবশালী সুন্নি জঙ্গিগোষ্ঠী আল কায়েদার আরব উপদ্বীপ শাখা (একিউএপি) দেশটিতে আগে থেকেই সক্রিয় ছিল। এবার সমন্বিত হামলার মাধ্যমে আইএস দেশটিতে তাদের তৎপরতা বাড়ানোর ইঙ্গিত দিল।   
 
বুধবার আলাদা চারটি জায়গায় চালনো এসব গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৫০ জন নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। 
 
শিয়া হুতি বিদ্রোহীদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ করে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার পাশাপাশি আইএসের এসব বোমা হামলায় রাজধানী সানা কেঁপে উঠে।
 
ওদিকে রামজান মাসে একটি যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের উদ্যোগে সুইজারল্যান্ডে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে একটি শান্তি আলোচনা চলছে। হুতি প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি আলোচনার দ্বিতীয় দিনে বেশ কিছু বিষয়ে আলোচনা এগিয়েছে বলে খবর পাওয়া গেছে। 
 
অপরদিকে শনিবার ইয়েমেনের হাদ্রামউতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নাসের আল বুহাইশি নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে সানায় আইএসের হামলা চলমান পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত করল। 
 
সানার একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আইএসের গাড়িবোমাগুলো শহরের হাশুশ মসজিদ, কিবসি মসজিদ, আল-কুবাহ আল-খাদরা মসজিদ ও হুতিদের আনসারুল্লাহ গোষ্ঠীর রাজনৈতিক দপ্তরের সামনে বিস্ফোরিত হয়েছে। 
 
আলি নামের ৭০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, “বিস্ফোরণগুলোর শব্দ এত প্রচণ্ড ছিল যে আমি ভেবেছিলাম বিমান হামলা হচ্ছে।”
 
বিস্ফোরণের ঠিক আগে মসজিদ থেকে বের হয়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন বলে জানান তিনি। 
 
“আমি ফিরে এসে দেখি গাড়িগুলো জ্বলছে, লোকজন চিৎকার করছে এবং আহত লোকজন চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।” 
 
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আইএস হামলার দায় স্বীকার করেছে। 
 
বিবৃতিতে বলা হয়েছে, “ইয়েমেনে ইসলামিক স্টেটের সেনারা মুসলিমদের পক্ষ হয়ে হুতি অবিশ্বাসীদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে ওই অবিশ্বাসীদের চারটি কেন্দ্রের সামনে গাড়িবোমা হামলা চালিয়েছে।”

এর আগে ২০ মার্চ, শুক্রবার সানার একটি মসজিদে জুমার নামাজরত মুসুল্লিদের লক্ষ করে আইএসের চালানো আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ১৩৭ জন নিহত এবং আহত হয়েছিলেন কয়েকশত। ওই হামলার পর দেশটিতে এটিই আইএসের চালানো সবচেয়ে বড় ধরনের হামলা।