ফিলিস্তিন ঐক্য সরকারের পদত্যাগ
পদত্যাগ করেছে ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকার। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বুধবার পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট আব্বাস এবং প্রধানমন্ত্রী রমি হামদাল্লাহর মধ্যে বৈঠকে পর ফিলিস্তিন ঐক্য সরকার পদত্যাগ করে।
গত বছর এপ্রিলে ফিলিস্তিনের ফাতাহ গোষ্ঠী এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস মতবিরোধ মিটিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করেছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তা ভেঙে গেল।
আব্বাস তার দল ফাতাহকে জানান, গাজায় হামাস ফাতাহকে কাজ চালাতে দিতে রাজি না থাকায় মন্ত্রিসভা ভেঙে দিতে হচ্ছে।
হামাস ২০০৬ সালের নির্বাচনে জয়লাভের পর গাজায় আলাদা সরকার গঠন করে এবং ২০০৭ সালে ফাতাহ কে সেখান থেকে উচ্ছেদ করে। ওদিকে, পশ্চিম তীরের শাসনক্ষমতায় থেকে যায় প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ।
পরবর্তীতে হামাস এবং ফাতাহ উভয়ই ঐক্য সরকারকে সমর্থন দিলেও তাদের মধ্যে মতবিরোধ রয়েই গিয়েছিল। এতে করে বিরাজ করছিল রাজনৈতিক অচলাবস্থা।
বিবিসি সংবাদদাতারা বলছেন, ফাতাহ গাজায় হামাসের বিরুদ্ধে একটি স্বতন্ত্র ইসলামিক রাষ্ট্র গড়ার অভিযাগ করছে। অন্যদিকে, ফাতাহ নির্বাচনে হারার ভয়ে নতুন নির্বাচন এড়ানোর পাঁয়তারা করছে বলে উস্কানি দিচ্ছে হামাস।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রী রমি হামদাল্লাহ বুধবার আব্বাসের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তাকে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন।
নতুন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহে সোমবার পিএলও’র নির্বাহী কমিটির বৈঠকে।
