আনুষ্ঠানিক প্রচারণায় জেব বুশ
ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তার প্রচারাভিযান শুরু করেছেন।
রিপাবলিকান দলে সম্ভাব্যপ্রার্থী হিসেবে তিনি তার প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়নের দৌড়ে আরও ১০ জন প্রার্থী থাকলেও জেব বুশই সবচে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জেব বুশ নিজ শহর মিয়ামি থেকেই তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বলে বিবিসি জানিয়েছে।
সম্প্রতি প্রকাশিত প্রচারণার লোগোতে তার নামের সবচে পরিচিত ও প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধুমাত্র ‘জেব’ ব্যবহার করেছেন তিনি।
কেউ কেউ এই বিষয়টিকে রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবেই দেখছেন। অর্থাৎ ব্যক্তি পরিচয়কেই তিনি প্রাধান্য দিতে চাইছেন।
যদিও সোমবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন, কিন্তু এটা কোনো গোপনীয় বিষয় নয়, তিনি বেশ কয়েকমাস ধরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রচারণা দল ইতোমধ্যেই প্রায় ১০ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহের পথে রয়েছে।
‘জেব’ নামে পরিচিত রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের দ্বিতীয় ছেলে। এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (জুনিয়র) ছোটভাই।
তার স্ত্রী কলুম্বা একজন মেক্সিকান। জেব স্প্যানিশ ভাষায় দক্ষ।
অপরদিকে প্রতিপক্ষ ডেমক্রেটিক প্রার্থী হিসাবে হিলারি ক্লিনটন পরিষ্কারভাবেই দলীয় অন্যপ্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। ফলে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আরও একটি ক্লিনটন-বুশ দ্বৈরথ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
১৯৯২ সালে হিলারির স্বামী বিল ক্লিনটন জেবের বাবা প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
