২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের জবাব দেবে রাশিয়া

যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নেটো দেশগুলোতে ট্যাংকসহ ভারি অস্ত্র মজুদ করলে রাশিয়াও নিজেদের শক্তি বাড়িয়ে এর পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 09:50 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

রাশিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ করার পরিকল্পনাকে স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ বর্ণনা রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থায় বলেছেন, এর জবাবে “পশ্চিমাঞ্চলে নিজেদের সেনা ও সামরিক শক্তি বাড়ানো ছাড়া রাশিয়ার আর কোনো উপায় থাকবে না।”

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন ঠেকানো ও এ অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তানিশ্চিত করতে বাল্টিক অঞ্চলে অস্ত্র মজুদের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধ ট্যাংক, পদাতিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের যান ও অন্যান্য ভারি অস্ত্রসহ ৫ হাজার পর্যন্ত সেনা  মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের রয়েছে বলে এক প্রতিবেদনে জানায় নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি স্বীকারও করেছেন  পেন্টাগনের এক কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র মজুদের এ পরিকল্পনা অনুমোদন পেলে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বলয়ের কোন দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনেরপদক্ষেপ হবে এটিই প্রথম। চলতি মাসে ব্রাসেলসে নেটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার অস্ত্র মজুদের প্রস্তাবটি অনুমোদন করতে পারেন।

এ পরিস্থিতিতে রাশিয়া কি ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা জেনারেল ইউরি ইয়াকুবোভ। তিনি জানান, রাশিয়া অবিলম্বে পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তবর্তী কিলিনিনগ্রাদে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। সেইসঙ্গে সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে রুশ বাহিনীর শক্তি বৃদ্ধি করা হবে।