ভূমিকম্পে দারিদ্র্যসীমার নিচে ১০ লাখ নেপালি
নেপালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের কারণে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে প্রায় ১০ লাখ মানুষ। নেপাল সরকারের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ‘দুর্যোগ পরবর্তী মূল্যায়ন’ (পিডিএনএ)শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করে কমিশনের ভাইস চেয়ারম্যান গোবিন্দ রাজ পোখারেল বলেন, ভূমিকম্পের আগে নেপালে দারিদ্র্যের হার ছিল ২৩.৮ শতাংশ। কিন্তু দুর্যোগের পর নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে আড়াই থেকে সাড়ে তিন শতাংশের বেশি মানুষ।
গত ২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এর সতের দিনের মাথায় গত ১২ মে ফের আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।
এ দুই ভূমিকম্প ছাড়াও এ পর্যন্ত নেপালে তিনশ’র বেশি পরাঘাত অনুভূত হয়েছে। শক্তিশালী দুই ভূমিকম্পে নেপালের ৭৫টি জেলার ৩৬টিতে কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ১৪ টি জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।
ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ৮ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো কয়েক হাজার মানুষ। ঘরছাড়া হয়েছে ১০ লাখ নেপালি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে নেপালে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৮ শতাংশ। আর এখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পল্লী এলাকাগুলোর প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ বাসিন্দাই দারিদ্র্যের মধ্যে বাস করছে। এ সংখ্যা দেশের জাতীয় দারিদ্র্যের হারের সমান। অন্যদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহুরে এলাকাগুলোতে দারিদ্রসীমার নিচে চলে গেছে ৯ দশমিক ৭ শতাংশ মানুষ।
জাতীয় পরিকল্পনা কমিশন শক্তিশালী দুই ভূমিকম্প ও পরাঘাতে পাঁচশ’ ১৩ কোটি মার্কিন ডলারের সম্পদহানির হিসাব দিয়েছে। সেইসঙ্গে বিভিন্নখাতে বৈদেশিক আয় ক্ষতিগ্রস্ত হয়েছে একশ’ ৮৮ কোটি ডলারের।
প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য নেপাল সরকারের ছয়শ’ ৬৬ কোটি মার্কিন ডলার দরকার।
আগামী ২৫ জুন প্রতিবেদনটি আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। গত তিন দশক ধরেই ‘মানব উন্নয়ন সূচকে’ নেপালের উন্নতি ছিল উল্লেখযোগ্য। কিন্তু দুর্যোগ কবলিত হয়ে মুখ থুবড়ে পড়েছে নেপালের অর্থনীতি ।
পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে নেপালের কৃষি, পানি, পয়নিঃস্কাশন ব্যবস্থা এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। দুর্যোগের কবলে পড়া জনগোষ্ঠীর বাসস্থান ও জীবিকা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়ে যাওয়ায় জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
সামগ্রিক ক্ষয়ক্ষতি বিবেচনা করে ভূমিকম্পের ফলে ২০১৫-১৬ অর্থবছরে নেপালের ৭ লাখ থেকে ৯ লাখ ৮২ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে পরিকল্পনা কমিশন।
