কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম গেরিলা দলের কমান্ডার নিহত
কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম গেরিলা দল দ্য ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
রোববার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় আন্তিওকুইয়া প্রদেশে মারকুইতোস নামে পরিচিত হোসে আমিন হার্নান্দেজ ম্যানরিক নিহত হয়েছেন বলে সোমবার কলম্বীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
সেনাবাহিনীর দেয়া তথ্যানুযায়ী, তিনি আন্তিওকুইয়া ও বলিভার প্রদেশে ইএলএন-র ১৩টি ইউনিট পরিচালনা করতেন।
মাদক ও অস্ত্র চোরাচালান ও অবৈধ খনির এলাকা হিসেবে এই প্রদেশ দুটির পরিচিতি রয়েছে।
নিজের ট্যুইটার একাউন্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, “অ্যালিয়াস মারকুইতোস, দারিও মার্তিনেজ ফ্রন্টের কমান্ডার ও ইএলএন-র জাতীয় নেতৃবৃন্দের সদস্য, নিহত হয়েছেন। সশস্ত্র বাহিনীগুলোকে অভিনন্দন।”
কর্তৃপক্ষের বিশ্বাস, ১৯৯৯ সালে ৪৬ জন যাত্রীসহ একটি বিমান ছিনতাইয়ের জন্য দায়ী ছিলেন মার্কোস নামেও পরিচিত নিহত মারকুইতোস।
মার্কসবাদে অনুপ্রাণিত ইএলএন কলম্বিয়ার সম্পদ ও জমির অসম বন্টনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। হিসাব মতে, বর্তমানে দলটির দুই হাজার যোদ্ধা রয়েছে।
