‘খাবারে টিকটিকি’, এয়ার ইন্ডিয়ার অস্বীকার
দিল্লি-লন্ডন ফ্লাইটের খাবারে টিকটিকি পাওয়ার কথা অস্বীকার করেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একটি স্যোশাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে খাবারের একটি ট্রে-তে একটি বান রুটির নীচে টিকটিকির মাথার মতো একটা কিছু দেখা গেছে।
ছবিতে যে প্রাণিটি দেখা যাচ্ছে সেটি মৃত না জীবিত তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
প্রকাশিত ছবিটিকে ‘ভুয়া ও ভিত্তিহীন প্রচারণা’ দাবি করে অভিযোগ প্রত্যাখান করেছে এয়ার ইন্ডিয়া। ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটির কর্মীরা লাঞ্চ দেওয়ার সময় ঘটনাটি ঘটে।
সংবাদপত্রটিতে এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “ট্রে-তে রুটিটি দেয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীটি চিৎকার করে উঠে।”
খাবারটি একটি কাগজে মোড়ানো ছিল এবং টিকটিকিটি একটি বার্গারের নীচ থেকে বের হয়ে লাফিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ওই সূত্র।
“এ ঘটনায় যাত্রীটি খুবই বিমর্ষ হয়ে পড়েন। বিমান ল্যান্ড করার পর তিনি অভিযোগ করবেন বলে জানান,” বলেন ওই সূত্র।
বিষয়টি প্রকাশ হওয়ার পরপরই দ্রুততার সঙ্গে এয়ার ইন্ডিয়া খবরটি অস্বীকার করে।
এক ট্যুইটে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, “ফ্লাইটটির ভিতরে কোনো যাত্রী এ ধরনের কোনো অভিযোগ করেননি এবং এয়ার ইন্ডিয়ার লন্ডন দপ্তরের কোনো অভিযোগ জানানো হয়নি।”
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুও অভিযোগটি প্রত্যাখান করে বলেছেন, স্যোশাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকে কেউ এসে দাবি করেননি ছবিটি তারা তুলেছেন।
