২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপারসনিক নিউক্লিয়ার ডেলিভারি ভেহিকল’ পরীক্ষা করেছে চীন

একটি সুপারসনিক নিউক্লিয়ার ডেলিভারি ভেহিকলের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 03:26 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রোববার পরীক্ষাটি চালানো হয়। 
 
গত ১৮ মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি চতুর্থবারের মতো উচ্চগতির এ অস্ত্রটির পরীক্ষা চালালো। শব্দের চেয়ে দশগুণ বেশি বেগে লক্ষস্থলে আঘাত হানতে সক্ষম এ অস্ত্রটির সামনের অংশে নিউক্লিয়ার বা প্রচলিত বোমা স্থাপন করা যাবে। 
 
রাশিয়ার ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে পরপর চারবার অস্ত্রটির পরীক্ষা চালালো চীন। 
 
যুক্তরাষ্ট্র এই অস্ত্রটিকে ‘ডব্লিউইউ-১৪’ বলে অভিহিত করে।  
 
মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদনে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “আমাদের সীমান্তের ভিতরে পরিকল্পিত এই বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা একটি স্বাভাবিক বিষয়, কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে বা কোনো দেশকে লক্ষ করে এসব পরীক্ষা করা হয়নি।”  
 
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব কথা বললেও সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চীনের বিরোধ ও ওই সাগরের চীনের দাবিকৃত এলাকায় যুক্তরাষ্ট্রের বিমানের আনাগোনার প্রতিক্রিয়ায় বেইজিং তার নিউক্লিয়ার প্রতিরক্ষা জোরদার করছে, অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষায় অন্তত এ ধারণাই পাওয়া যাচ্ছে। 
 
চীনের এই অস্ত্রটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে পারবে। এটি ঘন্টায় সাত হাজার ৬৮০ মাইল বেগে ভ্রমণ ছুটে যেতে পারবে।
 
চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান ফ্যাং চ্যাংলঙের যুক্তরাষ্ট্র সফরের একদিন আগে এ পরীক্ষাটি চালানো হল। সোমবার এক সপ্তারের সফরে চ্যাংলঙের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। সফরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।