২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডালাসে পুলিশ সদরে হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত

প্রায় কয়েক ঘণ্টার রূদ্ধশ্বাস অভিযানে নিহত হয়েছেন এক বন্দুকধারী, যিনি সাঁজোয়া যান নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশ সদরদপ্তরে হামলা করেছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jun 2015, 04:42 AM

Updated : 25 Apr 2022, 01:29 PM

শনিবার প্রথম প্রহরে স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। 

সফল অভিযানের পর বন্দুকধারীর ব্যবহৃত গাড়ি থেকে বোমা ও বন্দুক উদ্ধার করা হয়েছে।

ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউন বলেন, বন্দুকধারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তিনি শ্বেতাঙ্গ। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণও এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সাঁজোয়া যান নিয়ে ওই ব্যক্তি প্রথমে ডালাস পুলিশ সদরদপ্তরে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে থাকা অবস্থায় পুলিশেরই একটি পেট্রোল কারকে ধাক্কা দেয়।

পুলিশ ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে শহরের দক্ষিণে হুচিনস এলাকায় একটি খাবারের রেস্তোরাঁর সামনে গাড়িটিকে ধরতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় বন্দুকযুদ্ধে ওই হামলাকারী নিহত হন। পুলিশ প্রথমে গাড়িটিতে একাধিক বন্দুকধারী রয়েছে ধারণা করলেও পরে দেখা যায় ওই ব্যক্তি একাই হামলা করেছিলেন।

পুলিশ কর্মকর্তা ব্রাউন বলেন, ওই হামলার কেউ হতাহত হয়নি, বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য বেঁচে যায় পুলিশের কয়েকজন সদস্য।

“আমরা ভাগ্যবান, কারণ পুলিশ সদস্যরা অক্ষত রয়েছেন।”