মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ
মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে জরুরি অবতরণ করেছে।
ইঞ্জিনে সম্ভাব্য আগুন লাগার তথ্যে বিমানটির এই জরুরি অবতরণ বলে বিবিসি জানিয়েছে।
এমএইচ১৪৮ ফ্লাইটটি মেলবোর্ন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে অবতরণ করে।
প্লেন ট্র্যাকিং সাইটে দেখা যায়, এয়ারবাস ৩৩০ মডেলের বিমানটি জরুরি অবতরণের আগে মেলবোর্ন বিমানবন্দরের আকাশে কয়েকবার চক্কর দিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।
এয়ারসার্ভিস অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি নিয়ন্ত্রণকক্ষে ‘ইঞ্জিনে আগুন’ –এর সংকেত পাঠিয়েছিল।
এ ঘটনায় মেলবোর্ন বিমানবন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়নি।
