২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় রেস্তোরাঁয় ট্রাকের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ২০

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রাস্তা থেকে ছিটকে আসা একটি ট্রাকের আঘাতে একটি রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 12:51 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

মঙ্গলবার কুইন্সল্যান্ডের দক্ষিণ কাইরনসের ‘সার্ভস ইউ রাইট’ রেস্তোরাঁয় এ ঘটনায় আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

আগুনে এই আটজনের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

ঘটনাটিকে রাজ্যের সবচেয়ে বড় অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা বলে বর্ণনা করেছেন কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ।

গুরুতর আহতদের মধ্যে ছয়জনকে রয়্যাল ব্রিসবেন ও ওমেন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়ানেত্তি ইয়ং।

বৃহস্পতিবার গুরুতর আহত অপর দুজনকেও ব্রিসবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার সময় কৃষি শহরটির ওই রেস্তোরাঁয় আটজন বয়স্ক নাগরিক ছিলেন বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।

বিস্ফোরণে রেস্তোরাঁ ভবনটির উভয়পাশের দেয়াল উড়ে গেছে। এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে রেস্তোরাঁটিতে গিয়ে আঘাত করে তা নিশ্চিত জানা না গেলেও প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে, ট্রাক চালকের হার্ট অ্যাটাক হওয়ায় ঘটনাটি ঘটতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে।