কৃষ্ণাঙ্গ নির্যাতন: মার্কিন পুলিশ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাককিনি শহরে এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে নিগ্রহ ও অন্য কিশোরদের দিকে অস্ত্র তাক করে হুমকি দেওয়া এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
ওই কিশোরীকে মাটিতে ছুঁড়ে ফেলে তার চুল ধরে টানা-হেঁচড়া এবং অন্য কিশোরদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দেওয়ার ওই ভিডিও প্রকাশের পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল সমালোচনার সৃষ্টি হয়।
তারই জেরে পুলিশ কর্মকর্তা এরিক কেসবোল্ট পদত্যাগ করলেন।
মঙ্গলবার ম্যাককিনি শহরের পুলিশ প্রধান গ্রেগ কনলে ওই পুলিশ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। কেসবোল্টের ওই আচরণ সমর্থন যোগ্য ছিল না বলেও মন্তব্য করেছেন কনলে।
সোমবার ম্যাককিনি কর্তৃপক্ষ কর্পোরাল কেসবোল্টকে জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে ঘটনাটির বিষয়ে একটি তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে কেসবোল্টকে ছুটিতে রাখা হয়।
এরই মধ্যে কেসবোল্ট স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন কনলে।
তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন একটি কল পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ভিডিওতেও আমরা দেখেছি, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”
কৃষ্ণাঙ্গ নির্যাতনের সাত মিনিটের ওই ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর মঙ্গলবার সকাল পর্যন্ত তা ৯০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
ঘটনার প্রতিক্রিয়ায় নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার পদত্যাগের দাবিতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এই ঘটনায় কৃষ্ণাঙ্গদের প্রতি যুক্তরাষ্ট্র পুলিশের বর্ণবাদী আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার শহরের একটি আবাসিক এলাকার সর্বসাধারণের ব্যবহৃত একটি সুইমিংপুলের পাশের এক পার্টিকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত।
পার্টিতে একদল কৃষ্ণাঙ্গ কিশোর-কিশোরী গানের তালে নাচছিল। পুলিশ তাদের পার্টি বন্ধ করে সেখান থেকে চলে যেতে বললে স্থান ত্যাগে অস্বীকৃতি জানায় তারা ।
ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা উপস্থিতদের বলছেন, “এখানে পুলিশ আসার আগেই দৌড়ে পালা।”
এরপর দেখা যায়, কেসবোল্ট নামের এক পুলিশ কর্মকর্তা সাঁতারের পোশাক পড়া কৃষ্ণাঙ্গ এক কিশোরীকে মাটিতে ছুঁড়ে ফেলে তার হাত চেপে ধরে এবং চুল ধরে টানতে থাকে। এক পর্যায়ে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকা কিশোরীর পিঠে সে তার হাঁটু চেপে ধরে।
হেনস্তার শিকার ১৫ বছর বয়সী ওই কিশোরীর নাম দাজেরিয়া ব্যাকটন।
কনলে বলেন, “ঘটনাস্থলে ১২ জন কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে ১১ জন প্রশিক্ষণ অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। চমৎকারভাবে তারা তাদের দায়িত্ব পালন করেছেন।”
ম্যাককিনিতে প্রায় এক লাখ ৫০ হাজার মানুষে বসবাস। যাদের মধ্যে ১০ দশমিক ৫ শতাংশ আফ্রিকান-আমেরিকান। শহরটির ৭৫ শতাংশ বাসিন্দা শ্বেতাঙ্গ।
যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জনগণের নির্যাতিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
ওই সব ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছে কৃষ্ণাঙ্গরা। এবারের ঘটনায়ও নতুন করে বিক্ষোভ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে দেখানো হয়েছে, যুক্তরাষ্ট্রে চলতি বছর পুলিশের গুলিতে প্রতিদিন দুই জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
