আইএসের সঙ্গে লড়াইয়ে ‘যুক্তরাষ্ট্রের কৌশলে’ ঘাটতি আছে: ওবামা
ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য ইরাকি নিরাপত্তা বাহিনীগুলোকে প্রশিক্ষিত করার ‘পূর্ণাঙ্গ কৌশল’ যুক্তরাষ্ট্রের নেই, বলেছেন বারাক ওবামা।
জার্মানিতে জি৭ নেতাদের সম্মেলনের ফাঁকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন ওবামা।
গেল বছর ওবামার করা একই ধরনের একটি মন্তব্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।
ইরাক ও সিরিয়ায় আইএসে যোগ দিতে যাওয়া বিদেশি যোদ্ধাদের স্রোত বন্ধ করতে আরো পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন ওবামা।
আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক যে জোট বাহিনী বিমান হামলা পরিচালনা করছে, সেই জোটভুক্ত দেশগুলো দরকার হলে ইরাকি নিরাপত্তা বাহিনীগুলোর প্রশিক্ষণের জন্য আরো বেশি কিছু করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “ইরাকি নিরাপত্তা বাহিনীতে ভালোভাবে সজ্জিত, প্রশিক্ষিত, প্রাণবন্ত আরো সেনা পেতে চাই আমরা। (প্রধানমন্ত্রী) আবাদিও তাই চান। তাই কীভাবে এটি করা যেতে পারে তার জন্য আমরা পরিকল্পনাগুলোর ব্যাপ্তি পর্যালোচনা করে দেখছি।”
“আমাদের কাছে এখনও কোনো পূর্ণাঙ্গ কৌশল নেই। কারণ এর জন্য ইরাকিদের প্রতিশ্রুতিও দরকার, প্রধানত কীভাবে নতুন সেনা সংগ্রহ করা হবে, প্রশিক্ষণ কীভাবে দেয়া হবে ইত্যাদি। তাই বিস্তারিত এখনও ঠিক করা হয়নি।”
গেল সেপ্টেম্বরে আইএসের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে শিরচ্ছেদ করার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। ওই সময় এক মন্তব্যে ওবামা বলেছিলেন, “সিরিয়ায় আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াই করার মতো কোনো কৌশল আমাদের নেই।”
এ মন্তব্যের জেরে দেশীয় সমালোচকদের বাক্যবাণে বিদ্ধ হয়েছিলেন ওবামা।
আন্তর্জাতিক জোট বাহিনী বিমান হামলা সত্বেও সম্প্রতি আইএসের হাতে ইরাকের রামাদি শহরের পতন হয়। এতে পশ্চিমা শক্তিগুলোর ইরাক কৌশল নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইএসের হামলার মুখে ইরাকি সরকারি বাহিনী তাদের অস্ত্র ফেলে পালিয়ে যায়।
তবে বৈঠকের পর ওবামা ও আবাদি, উভয় নেতাই বলেছেন, তারা বিশ্বাস করেন রামাদিতে আইএসের সাফল্য স্বল্প সময়ের জন্য কৌশলগত বিজয়, রামাদি সাময়িকভাবে হাতছাড়া হয়েছে।
আবাদি জানান, সম্প্রতি ইরাকি বাহিনী ও তাদের মিত্ররা আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি লড়াইয়ে বিজয়ী হয়েছে। চোরাই তেলের ব্যবসা থেকে জঙ্গিরা যেন লাভবান হতে না পারে তার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন তিনি।
