জলবায়ু: নেতাদের একজোট করতে চাইছেন মেরকেল
গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে বেশ কিছু কঠিন লক্ষ্য পূরণে একজোট হয়ে কাজ করার জন্য জি৭ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনায় মেরকেলকে সমর্থন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে এ বছরের শেষে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওঁলাদ চান জীবাশ্ম জ্বালানির ওপর শিল্পোন্নত দেশগুলোর নির্ভরশীলতা শেষ হোক। এ ব্যাপারে জি৭ নেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে চাইছেন।
সেইসঙ্গে তিনি নেতাদের কাছে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও চান, যাতে দরিদ্র দেশগুলো তাদের জ্বালানি খাতে পরিবর্তন আনতে পারে এবং এর মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কম হয়।
জার্মানিতে এক সংবাদ সম্মেলনে ওঁলাদ বলেন, “জি৭ সম্মেলনে অবশ্যই কিছু প্রতিশ্রুতি পাওয়া যাবে। এই মুহূর্তে আলোচনা সঠিক পথেই চলছে।”
সম্মেলনে ইউরোপের দেশগুলো চাইছে, গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে একটি বাধা ধরা আইন করতে। যেখানে সব দেশকে একটি লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হবে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে মেরকেলের এই যুদ্ধে জাপানও সমর্থন দিয়েছে।
রোববার জাপানের পক্ষ থেকে বলা হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস করতে জি৭ ভূক্ত দেশগুলো যদি নিজেদের জন্য কোন লক্ষ্যমাত্রা ঠিক করে তবে তাতে সমর্থন দেবে জাপান।
ওই দিন জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও নিজের পরমর্শ দিয়েছেন।
তবে জলবায়ু বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হারপারের মনভাব পরিষ্কার নয়।
হারপারের মুখপাত্র ইমেইলে রয়টার্সকে বলেন, “গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী সব দেশের বিষয়ে প্যারিসে যে চুক্তির পরিকল্পনা করা হচ্ছে তাতে কানাডার সমর্থন আছে।”
