রাশিয়ায় নিষেধাজ্ঞায় অটল ওবামা-মের্কেল
ইউক্রেইনে লড়াই বন্ধে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে বলে মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
জার্মানির দক্ষিণাঞ্চলে জি৭ সম্মেলনের শুরুতে মের্কেলের সঙ্গে বৈঠকে এ অটল মনোভাব প্রকাশ করেন দুই নেতা।
ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদেরকে সমর্থন দেয়ার কারণে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কবলে পড়েছে। গত বছর ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া দখল করে নেয়ার পর রাশিয়াকে জি৮ থেকে বাদ দেয়া হয়।
পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদেরকে সহায়তা করতে সামরিক বাহিনী পাঠানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। কিন্তু মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে।
জি৭ সম্মেলনের শুরুতে মের্কেলের সঙ্গে ওবামা বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে দু’নেতার কথা তুলে ধরে বলেছে, “মিনস্ক বৈঠকে যে চুক্তি হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা এবং ইউক্রেইনের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে চলার সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়টি স্পষ্টতই সম্পৃক্ত থাকা উচিত।”
গত বছর সেপ্টেম্বরে মিনস্কে রাশিয়া, রুশপন্থি বিদ্রোহী এবং ইউক্রেইন সরকারের মধ্যকার চুক্তিতে দু পক্ষে ৩০ কিলোমিটার ব্যাপী একটি ‘বাফার জোন’ গঠনের বিষয়টি উল্লিখিত ছিল।
কিন্তু সম্প্রতি ইউক্রেইনে লড়াই আবারো জোরদার হয়েছে। হতাহতের ঘটনাও ঘটছে।
