২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বিশ্বের ধনী দেশগুলোর সম্মেলন শুরু হচ্ছে

জি৭ নামে পরিচিত বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশের সম্মেলন জার্মানির বাভারিয়ার আল্পস পার্বত্য এলাকায় শুরু হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 02:16 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি ও জাপানের সরকার প্রধানরা রোববার জার্মানিতে গিয়েছেন।

পূর্ব ইউক্রেইনের লড়াই নিয়ে রাশিয়ার উপর কূটনৈতিক চাপ সৃষ্টিতেদেশগুলোর নেতারা এ সম্মেলনকে কাজে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলনের আলোচ্যসূচীত গ্রিসের ‍ঋণ সঙ্কট ও বৈশ্বিক জলবায়ু উষ্ণতা মতো বিষয়গুলোও থাকবে বলে জানিয়েছে বিবিসি।

এক সময় ধনী দেশগুলোর এই গোষ্ঠীটিতে রাশিয়াও অন্তর্ভুক্ত ছিল, তখন এটি জি৮ নামে পরিচিত ছিল। গত বছর রাশিয়া ক্রিমিয়াকে তার দেশের অন্তর্ভুক্ত করে নেয়ার পর গোষ্ঠীটি থেকে রাশিয়াকে বাদ দেয়া হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুপস্থিত থাকলেও সম্মেলনে উপস্থিত নেতাদের মনযোগের কেন্দ্রে তিনিই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। পুতিন অত্যন্ত সচেতনভাবে পূর্ব ইউক্রেইনের উপর আরো সামরিক চাপ তৈরি করছেন, পশ্চিমা ধনী দেশগুলোর এমন ধারণা থেকে তৈরি উদ্বেগ এ মনোযোগের কারণ বলে জানা গেছে।