২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস সন্ত্রাসী সংগঠন নয়: মিশরের আদালত

ফিলিস্তিনের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে মিশরের একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2015, 08:09 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

আদালতের একজন কর্মকর্তা বলেন, ফেব্রুয়ারিতে মিশরের একটি নিম্ন আদালত হামাসকে সন্ত্রাসীদের সংগঠন হিসেবে তালিকাভূক্ত করার আদেশ দেয়।

শনিবার মিশরের আপিল আদালত ওই রায় রহিত করে বলেন, নিম্ম আদালত এ ধরণের রায় দেয়ার ‘ক্ষমতা’ রাখে না।  

গাজা স্ট্রিপের নিয়ন্ত্রণে থাকা হামাস আপিল আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মিশরের দল মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস। মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ।

২০১৩ সালে ব্যাপক গণ আন্দোলনের পর মিশরের সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।

আপিল আদালতের রায়ের প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকে বলা হয়, আপিল আদালত ‘অতীতে করা একটি ভুল সংশোধন করেছে’।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, “আজকের সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে,  ফিলিস্তিনের স্বার্থ রক্ষার বিষয়ে মিশর শক্ত ভূমিকা পালন করবে।”

“এই সিদ্ধান্ত হামাস ও কায়রোর মধ্যে সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফল যে ভাল হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।”