২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের তথ্য ‘হ্যাকড’

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান ৪০ লাখ কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হ্যাক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 02:45 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

দেশটির গোয়েন্দা সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, সাইবার হামলার এই ঘটনার পেছনে রয়েছে চীন।

দ্য অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) জানিয়েছে, ‘আইনস্টাইন’ নামের একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে তারা চলতি বছরের এপ্রিলে ডেটাবেসে সাইবার অনুপ্রবেশের তথ্য পেয়েছেন।

তাদের (ওপিএম) এই যেটাবেসে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ লাখ কর্মকর্তার কাজ, কাজের ধরন, পর্যালোচনা এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যাপারে বিস্তারিত তথ্য রয়েছে।

মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, হ্যাকিং-এর এই ঘটনার নেপথ্যে চীন রয়েছে।

সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য সুসান কলিন্স বলেন, চীন থেকে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

তবে এ ঘটনায় চীনের যোগসাজশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ।

তিনি বলেন, এই বিশ্বে হাতে গোণা কিছু শক্তির পক্ষে এই কাজ করা সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে এই সংখ্যা ক্রমশ বাড়ছে।

এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে থাকা চীনা দূতাবাস থেকে “একলাফে উপসংহার টানা”র ব্যাপারে সতর্ক করা হয়েছে।

চীনা দূতাবাসের মুখপাত্র জু হাইকুয়ান রয়টার্সকে বলেন, এই অভিযোগ ‘দায়িত্বহীন’ এবং ‘অগ্রগতির পথে অন্তরায়’।

২০১৪ সালের নভেম্বরেও যুক্তরাষ্ট্রের ২৫ হাজার কর্মকর্তার ফাইল চুরির ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সাম্প্রতিক ঘটনার তদন্ত করছে।