নিপীড়নের কারণে অভিবাসী সঙ্কট সৃষ্টি হয়নি: মিয়ানমার
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী নিপীড়নের শিকার হওয়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসী সঙ্কট দেখা দেয়নি, বলছে মিয়ানমার।
এ অঞ্চলে অভিবাসী সঙ্কট সমাধানে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে বিবেচনা করতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের আহ্বানের একদিন পরই দেশটি বৃহস্পতিবার এ মন্তব্য করেছে।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান রিচার্ড বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, “রোহিঙ্গাদের বার্মার (মিয়ানমার) নাগরিক হিসেবে বিবেচনা করা দরকার। এটি দেখানোর জন্য তাদের কাগজপত্রও দরকার।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছিলেন, গণতান্ত্রিক রূপান্তরে সফল হতে চাইলে মিয়ানমারের রোহিঙ্গা বৈষম্য বন্ধ করা দরকার।
রোহিঙ্গা নিপীড়নই দক্ষিণপূর্ব এশিয়ায় অভিবাসী সমস্যার মূল কারণ বলে যুক্তরাষ্ট্র মনে করে এবং এ সমস্যা সামাল দিতে দেশটি মিয়ানমারের ওপর চাপও বাড়িয়েছে।
মিয়ানমার ১১ লাখ রোহিঙ্গকে নাগরিক হিসাবে গণ্য করে না। ফলে এ জনগোষ্ঠীর কার্যত কোনো রাষ্ট্র নেই। মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১২ সালে বৌদ্ধদের সঙ্গে সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা।
এ থেকেই মিয়ানমারে বৈষম্য এবং দমনপীড়নের শিকার হয়ে রোহিঙ্গদের রাখাইন রাজ্য ছাড়ার চিত্রটি সামনে চলে এসেছে। কিন্তু ‘এটি সত্য নয়’ বলে কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি করেছেন মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী উয়ান্না মাউং লিউইন।
তিনি অভিবাসী সঙ্কটকে মানবপাচারের সমস্যা হিসাবে উল্লেখ করে এর প্রমাণস্বরূপ নৌকায় সাগর পাড়ি দেয়া অভিবাসীদের মধ্যে বহু বাংলাদেশী থাকার বিষয়টি তুলে ধরেন।
লিউেইন বলেন, “এ ঘটনাই... এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, রোহিঙ্গা নিপীড়নই সমস্যার মূল কারণ নয়।”
লিউইন যে অভিবাসী নৌকার কথা বলেছেন সে নৌকাটিই গতমাসে আটকায় মিয়ানমারের নৌবাহিনী। ওই নৌকায় ২০৮ জনের মধ্যে ২০০ জনই বাংলাদেশি অভিবাসী ছিল বলে জানিয়েছে মিয়ানমার।
কিন্তু রয়টার্সের তদন্তকারীরা বলছেন, ওই নৌকায় ১৫০ থেকে ২০০ রোহিঙ্গাও ছিল। কিন্তু নৌবাহিনী নৌকাটিকে তীরে ভেড়ানোর আগেই মানবপাচারকারীরা তাদেরকে সরিয়ে নেয়। ইয়াংগনে বাংলাদেশের দূতাবাসের উপপ্রধান কর্মকর্তাও রয়টাসকে জানিয়েছেন, নৌকাটিতে মাত্র ১৫০ জন বাংলাদেশির পরিচয় সনাক্ত করেছেন তারা।
