রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ
রকেট হামলার জবাবে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে ইসরায়েল।
বৃহস্পতিবারের এ পাল্টা হামলায় গাজায় জঙ্গিদের তিন প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
অপরদিকে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সহানুভূতিশীল গাজার একটি গোষ্ঠী রকেট হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় ইসলামপন্থি হামাসের দুটি ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর একটি শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউই হতাহত হয়নি।
গাজায় হামলা চালানোর কথা স্বীকার করে গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
“গাজায় সন্ত্রাসীদের তিনটি অবকাঠামোতে আঘাত করা হয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে” বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলো ইসরায়েলের আশকেলন শহর ও নেটিভোট টাউন লক্ষ করে ছোঁড়া হয়েছিল বলে জানা গেছে। তবে রকেটগুলো কোথায় পড়েছে ও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কীনা তা জানা যায়নি।
ট্যুইটারে পোস্ট করা এক বিবৃতিতে ওমর বিগ্রেড নামের কট্টরপন্থী ইসলামি সালাফি একটি গোষ্ঠী রকেট হামলার দায় স্বীকার করেছে।
মঙ্গলবার গাজায় হামাসের যোদ্ধাদের সঙ্গে গোলাগুলিতে আইএসের এক সর্মথক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বুধবার এসব রকেট ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ওমর বিগ্রেড।
