চীনে জাহাজডুবি: নিহতের সংখ্যা ৭৫
চীনের ইয়াংজি নদীতে টর্নেডোতে জাহাজ ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে এসে দাঁড়িয়েছে; ৩৭০ জনেরও বেশি আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।
বুধবার দিবাগত রাতে ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
এ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিহত ও নিখোঁজদের পরিবারের ক্ষুব্ধ সদস্যদের মিছিল পুলিশি কর্ডন ভেঙে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে; মনে ভিড় করা বিভিন্ন প্রশ্নের উত্তর দাবি করছেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়ার আশাও ছেড়ে দিচ্ছেন তারা।
উদ্ধার অভিযান তদারকি করতে যাওয়া খোদ চীনা প্রধানমন্ত্রী লি খা ছিয়াং উদ্ধার ও তল্লাশি অভিযানের ‘সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে’ প্রকাশের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল যোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি। তারপরও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না নিহত ও নিখোঁজদের ক্ষুব্ধ স্বজনরা।
সোমবার রাতে টর্নেডোতে ৪৫৮ জন আরোহী নিয়ে কয়েক মিনিটেই উল্টে যায় পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি। ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাহাজটি ১১ দিনের এক প্রমোদ ভ্রমণে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাচ্ছিল।
কর্তৃপক্ষের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, জাহাজটির যাত্রীদের মধ্যে তিন বছর থেকে শুরু করে ৮০ বছরেরও বেশি বয়সী যাত্রী ছিলেন।
তবে দুই দিনেরও বেশি সময় পার হওয়ার পরও আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। অল্প সময়ে জাহাজটি উল্টে যাওয়ায় ভিতরে অনেক এয়ার পকেট থাকার কথা, আর তাতে অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করছেন তারা।
নেভাল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ লি কাইশিউ বলেছেন, “খুব অল্প সময়ের মধ্যেই জাহাজটি ডুবে গেছে, তাই খোলের ভিতরে বাতাস এখনো আটকা পড়ে থাকতে পারে।”
“এর মানে সেখানে জীবিত কেউ থাকতে পারেন,” বলেন তিনি।
ভিতরে প্রবেশের সুবিধার্থে উল্টে যাওয়া জাহাজটির ভেসে থাকা অংশে ছোট চারকোনা একটি ছিদ্র করার পরিকল্পনা করেছেন উদ্ধারকারীরা, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ওদিকে অনেক প্রশ্নের উত্তর না পাওয়ায় ক্ষুব্ধ ৮০টি পরিবারের সদস্যরা নানজিং থেকে বাসে আট ঘন্টার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থল হুবেই প্রদেশের জিয়ানলি জেলায় এসে উপস্থিত হয়েছেন। এখানেই জাহাজ ডুবির ঘটনাটি ঘটেছে।
মিছিল নিয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় পথে আধাসামরিক পুলিশের ২০-২৫ জন সদস্য তাদের পথরোধ করে, কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার ভোররাতে নানজিংয়ে জিয়াংসু প্রদেশের সহকারী পুলিশ প্রধান ক্ষুব্ধদের জানিয়েছিলেন, তারা শুধু দিনের বেলায় দুর্ঘটনাস্থলে যেতে পারবেন, তবে সাংবাদিকরা তাদের সঙ্গে যেতে পারবেন না।
নিহত ও নিখোঁজদের ক্ষুব্ধ এসব আত্মীয়স্বজন জীবিত ও নিহতদের নাম প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে জাহাজটির ক্রু সদস্য বেশি কেন, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
ঝড়ের সময় জাহাজটি তীরে ভিড়িয়ে রাখা হয়নি কেন, জাহাজটির উদ্ধার পাওয়া ক্যাপ্টেন ও ক্রু সদস্যরা লাইফ জ্যাকেট পরার সময় পেলেন কিন্তু এ্যালার্ম বাজানোর সময় কেন পেলেন না, এমন সব প্রশ্নের উত্তর চান তারা।
নিখোঁজ আরোহীদের খোঁজে তল্লাশি অভিযানের সীমা ইয়াংজি নদীর ভাটিতে ২২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে নদীতে পানির স্রোত থাকায় জাহাজডুবির স্থান থেকে লাশ বহুদূর ভেসে যেতে পারে বলে ধারণা করছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।
চীনা আবহাওয়া দপ্তর জানিয়েছে, নদীটির যে জায়গায় জাহাজটি ছিল ঠিক ওই জায়গা দিয়েই টর্নেডোটি চলে যায়। চীনে টর্নেডো হলেও দেশটি টর্নেডোপ্রবণ নয়। দেশটিতে টর্নেডোর আঘাতে জাহাজ ডুবি একটি বিরল ঘটনা।
উদ্ধার পাওয়া আরোহীদের মধ্যে জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীও রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের আটক করেছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, জাহাজটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল না ও জাহাজটিতে প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত জীবনরক্ষাকারী পোশাক (লাইফ জ্যাকেট) ছিল।
চীনে এতো বড় ধরনের নৌ-দুর্ঘটনা তেমন একটা ঘটে না। দেশটির বড় বড় নদীগুলো প্রধানত পর্যটকবাহী ক্রুইজ শিপ চলাচল করে।
এটিই ইয়াংজি নদীতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
