২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের তীরে ভিড়ল ৭শ’ অভিবাসী

মিয়ানমার কর্তৃপক্ষ অবশেষে প্রায় সাত শতাধিক অভিবাসী বোঝাই নৌকা তীরে ভিড়িয়েছে।

রয়টার্স

>>/

রয়টার্স

Published : 03 Jun 2015, 09:50 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

রোহিঙ্গাদের নাগরিক বিবেচনা করা দরকার মিয়ানমারের: যুক্তরাষ্ট্র

মিয়ানমারের নৌ-বাহিনী বুধবার রাখাইন রাজ্যের পশ্চিম উপকূলে নৌকাটি ভিড়ায় এবং আরোহীরা পাড়ে নেমে আসে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিত বলা হয়, “এর আগে উদ্ধার হওয়া অন্য একটি নৌকার দুইশ' অভিবাসীকে যেখানে রাখা হয়েছে, সেখানেই এ নৌকাটির নারী ও শিশুদের নিয়ে যাওয়া হয়েছে।”

“বাকিদের বাংলাদেশ সীমান্তের কাছে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।”

শুক্রবার আন্দামান সাগরে ভাসমান অবস্থায় অভিবাসী বোঝাই নৌকাটি খুঁজে পায় মিয়ানমার কর্তৃপক্ষ। মাছ ধরার ওই নৌকায় গাদাগাদি করে ৭২৭ জন আরোহী ছিল।  

নৌকার দুই অভিবাসী রয়টার্সকে বলেন, দুইশ থেকে তিনশ যাত্রী রোহিঙ্গা মুসলিম। বাকিরা বাংলাদেশি।

এর আগে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছিল, নৌকাটির অধিকাংশ অধিবাসী বাংলাদেশি।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, কর্তৃপক্ষ রোহিঙ্গা ও বাংলাদেশিদের আলাদা করেছে। এরপর বাংলাদেশিদের বাসে করে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

রোহিঙ্গাদের সেখানেই একটি গুদামঘরে রাখা হয়েছে। ডজনের বেশি পুলিশ ওই গুদামঘর পাহারা দিচ্ছে।

রোহিঙ্গাদের পরে সরানো হবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। সাংবাদিকদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সেখানে কোন ত্রাণকর্মীকে ঢুকতে দেয়া হচ্ছে না। অভিবাসীদের কাছে ত্রাণকর্মীদের যেতে দেয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, “আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে জোর দিয়ে বলেছি, অভিবাসীদের যেন পূর্ণ নিরাপত্তা দেয়া হয় এবং তাদের সঙ্গে ভাল ব্যবহার করা হয়। অভিবাসীদের জন্য জরুরি চিকৎসা ও পর্যাপ্ত থাকার জায়গার বন্দোবস্ত করার পাশাপাশি দ্রুত জরুরি মানবিক সাহায্যের জন্য ত্রাণকর্মীদের প্রবেশের অনুমতি দেয়ার কথাও বলা হয়েছে।”