২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র সাইবার হুমকি নিয়ে সতর্কবার্তা

গণমাধ্যম ও ওয়েবসাইট হ্যাক করে ইসলামিক স্টেটের (আইএস) বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করছে হ্যাকারদের একটি দল। যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা কোম্পানি এই দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 09:25 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

ফায়ারআই নামের ওই কোম্পানিটির দাবি, আইএস’র সমর্থকরা জঙ্গি সংগঠনটিকে আরো সুবিধাজনকভাবে হামলা চালাতে এবং তাদের অভিযান আরো কার্যকর করতে সাহায্য করছে।

এ বছরের শুরুতে ফ্রান্সের টেলিভিশন স্টেশন ‘টিভি৫ মন্ডে’ হ্যাকারদের হামলার শিকার হয়েছিল। অন্যান্য গণমাধ্যম সংস্থাও হামলার শিকার হয়েছে।

ফায়ারআই মনে করে, যেভাবে ব্যাপক হারে হামলা হচ্ছে তাতে কে ঝুঁকির মুখে রয়েছে তা সুনির্দিষ্ট করে বলা কঠিন।

ফায়ারআই’র প্রধান প্রকৌশলী ডেভিড মেরকেল বলেন, “অনেক মানুষ আইএস’র হয়ে যুদ্ধ করার জন্য সিরিয়া গেছে। কিন্তু ঘরে বসে অন্য ভাবে যুদ্ধ করার উপায়ও আছে এবং অনেকে এটাই করছে।”

“যদি আপনার একটি ইন্টারনেট সংযোগ থাকে এবং এ বিষয়ে কিছু দক্ষতা থাকে তবে আপনি নিশ্চিতভাবেই অংশগ্রহণ করতে পারবেন।”

মেরকেলের বিশ্বাস, আইএস সদস্যরা যুদ্ধক্ষেত্রে সাইবার হামলার মাধ্যমে প্রতিপক্ষের সমর কৌশলের তথ্য সংগ্রহ করতে সক্ষম।

মেরকেলের মতে, এমন প্রমাণও পাওয়া গেছে, সারা বিশ্বে অনেক মানুষ আইএস’র হয়ে সাইবার হামলা করার পাশাপাশি জঙ্গি সংগঠনটির পক্ষে প্রচারণাও চালাচ্ছে।