মালয়েশিয়া এয়ারলাইন্স ‘দেউলিয়া’
মালয়েশিয়া এয়ারলাইন্স ‘কার্যত দেউলিয়া’ হয়েছে এবং প্রতিষ্ঠানটি তাদের ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস্টফ মুয়েল্লার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা কার্যত দেউলিয়া হয়ে গেছি। ২০১৪ সালে ঘটা দুইটি বিমান দুর্ঘটনার অনেক আগে থেকেই আমাদের পারফমেন্স নিম্মমুখী হতে শুরু করেছিল।”
গত বছর মালয়েশিয়া এয়ারলাইন্সের দুইটি উড়োজাহাজ দুর্ঘটনায় পতিত হয়। এর পরিপ্রেক্ষিতেই এ ঘোষণা এল বলে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটিতে বর্তমান কর্মীর সংখ্যা ২০ হাজার।
মে মাসে নতুন প্রধান নির্বাহী হিসেবে মালয়েশিয়া এয়ারলাইন্সে যোগ দেন মুয়েল্লার। তারপর থেকেই ধারণা করা হচ্ছিল, যে কোন দিন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে।
তবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এলেও এয়ারলাইন্স কোম্পানিটি স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বর্তমান ফ্লাইটগুলোতে এর কোন প্রভাব পড়েবে না।
গত বছর মার্চে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায়। যার কোন খোঁজ এখনো মেলেনি।
চার মাস পর ফ্লাইট এমএইচ১৭ উড়োজাহাজটি ইউক্রেইনের আকাশসীমায় ২৯৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, বিমান বিধ্বংসী কোন ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ধ্বংস হয়।
আঞ্চলিক বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে আগে থেকেই ধুঁকছিল মালয়েশিয়া এয়ারলাইন্স। পরপর দুইটি দুর্ঘটনা তাদের শেষের রাস্তা দেখিয়ে দেয়।
