২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সীমান্তে সামরিক মহড়া চালাবে চীন

চীনের সেনাবাহিনী মিয়ানমার সীমান্তের কাছে তাজা গুলির সামরিক মহড়া চালাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 07:28 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে এ মহড়া ইউনান প্রদেশের দুটো কাউন্টিতে শুরু হবে।  মিয়ানমারের কোকাং এলাকার ঠিক ডানেই এ কাউন্টির অবস্থান।

মিয়ানমারের সঙ্গে চীন সীমান্তে বার বার বোমা ও গোলা পড়ার ঘটনায় চীন ক্ষুব্ধ। এ সমস্ত গোলায় ৫ চীনা নিহত হয়েছে। সংঘর্ষ থেকে বাঁচতে ইউনানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গেছে হাজার হাজার শরণার্থী।

কোকাংয়ে  সম্প্রতি চলমান উত্তেজনার মাঝে চীন এ মহড়ার ঘোষণা দিল। মহড়ার ব্যাপারে মিয়ানমারকে অবহিতও করেছে চীন।

মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের সাধারণ জীবনযাত্রা এ মহড়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে না।যদিও তাদেরকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে। মহড়ার অবসান পরবর্তীতে ঘোষণা করা হবে।

তবে মহড়ায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হবে বা সেনাবাহিনীর কোন্‌ কোন্‌ ইউনিট এতে অংশ নেবে সে সম্পর্কে খবরে  কিছু বলা হয়নি।

গত মাসে দক্ষিণপশ্চিম চীনের স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় দুই বিস্ফোরণে একজন  চীনাসহ মিয়ানমারের চার নাগরিক আহত হওয়ার কথা জানায়। মার্চে মিয়ানমারের জঙ্গিবিমানের বোমা হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হয়।

সীমান্তে টহল দেয়ার জন্য জঙ্গি বিমান পাঠিয়ে এ ঘটনার ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। একই সঙ্গে চীনা নাগরিকদের রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী লি খাখিয়াং।