ফের হাসপাতালে থাইল্যান্ডের রাজা ভুমিবল
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রায় তিন সপ্তাহের মধ্যেই ফের হাসপাতালে ফিরলেন থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজ।
থাই রাজপ্রসাদ থেকে দেয়া রোববারের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাঙ্ককের সিরিরাজ হাসপাতালে রাজা ভুমিবলের কিছু শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
তবে রাজা হাসপাতাল থেকে উপকূলীয় শহর হুয়া হিনের নিজ বাড়িতে কবে ফিরবেন সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
গত কয়েক বছর ধরেই ৮৭ বছর বয়সী রাজা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। থাই জনগণ রাজাকে প্রায় দেবতার মতো সম্মান করে এবং তাকে দেশটির রাজনৈতিক বিবাদ মেটাবার ক্ষমতাসম্পন্ন বলে মনে করেন।
গত অক্টোবরে পিত্ত থলি অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সাত মাস হাসপাতালে থাকার পর ১০ মে তিনি হুয়া হিনের বাড়িতে ফিরে গিয়েছিলেন। তারপর থেকে জনসম্মুখে তার উপস্থিতি বিরল ছিল।
রাজাকে থাইল্যান্ডের স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির আইনে রাজা বা রাজপরিবারের সমালোচনা করা নিষিদ্ধ।
সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতার দখল করেছে। জান্তা সরকার বেসামরিক সরকারে হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও এর জন্য কোনো সময় নির্দিষ্ট করেনি। এই পরিস্থিতিতে রাজা ভুমিবলের উপস্থিতি দেশের জন্য খুব দরকারী বলে মনে করনে অনেকে।
