এক মাসের বিদ্যুৎ বিল ৫৫ কোটি রুপি!
কয়েকদিন আগে এক বিয়ের অনুষ্ঠান থেকে বাসার ফিরে বিদ্যুৎ বিল দেখে বাক্যহারা হয়ে পড়েন ভারতের রাচি শহরের বাসিন্দা কৃষ্ণা প্রাসাদ।
বাসার মাসিক বিদ্যুৎ খরচের হিসাবে ৫৫ কোটির রুপির একটি অবিশ্বাস্য বিল দেয়া হয়েছিল, রোববার জানিয়েছে এনডিটিভি।
“এই বিলের কারণে আমার মা মারা যেতে পারতো। আমি এদের বিরুদ্ধে মামলা করবো,” বলেন ক্ষুব্ধ কৃষ্ণা প্রাসাদ।
বিদ্যুতের এই অস্বাভাবিক বিল দেখে তার ৫৫ বছর বয়সী মা অসুস্থ হয়ে পড়েন। তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।
রাচির কাদ্রু এলাকায় দুই শয়নকক্ষের এক বাসায় থাকেন কৃষ্ণার পাঁচ সদস্যের পরিবার। ভারতজুড়ে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহ সত্বেও বাড়িতে কোনো এসি ব্যবহার করছেন না তারা।
প্রতি বছর গ্রীষ্মের সময় শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন থাকে। চলতি বছরেও কোনো ব্যতিক্রম ঘটেনি। প্রতিদিন সাত থেকে আট ঘন্টা বিদ্যুৎ থাকে না।
এই ঘটনায় ঝাড়খন্ড বিদ্যুৎ বিভাগ তাদের দুইজন কর্মীকে বরখাস্ত করেছে। কেরানিদের ভুলের কারণে অস্বাভাবিক এ বিলটি তৈরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
