রাশিয়ার কালোতালিকায় ক্ষুদ্ধ ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপের ৮৯ ব্যক্তির বিরুদ্ধে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
বিবিসি বলছে, রাশিয়ার এই কালো তালিকায় ইউরোপীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও সেনা কর্মকর্তারা রয়েছেন।
তালিকায় যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ ও ইইউ কাউন্সিলের মহাসচিব উয়ে কর্সেপিয়াসও রয়েছেন।
কূটনীতিকদের কয়েকদফা অনুরোধের পরিপ্রেক্ষিতে রাশিয়া বিষয়টি খোলাসা করে।
এই তালিকাকে “বিধিবর্হিভূত এবং অন্যায্য” আখ্যা দিয়ে বিষয়টি সম্পর্কে কোনো ব্যাখ্যা না দেয়ার অভিযোগ করেছে ইইউ।
তালিকাভুক্ত বেশ কয়েকজনকে রাশিয়া প্রবেশ করতে দেয়া হয়নি। দেশটিতে প্রবেশকালে তাদের ফেরত পাঠানো হয়। এদের অনেকেই রাশিয়ার কঠোর সমালোচক।
ইইউ-এর একজন মুখপাত্র জানান, তালিকাভুক্ত ৮৯ জনের নাম জানানো হলেও আইনগত কোন ভিত্তি বা প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশটিতে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে সেই তথ্য দেয়া হয়নি।
তবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এই তালিকা প্রকাশ করেনি। জার্মানির একটি অনলাইনে এটি ফাঁস করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফাঁস হয়ে যাওয়া তালিকায় থাকা নামগুলো নিশ্চিত করেননি। কিন্তু এই নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফল বলে জানান তিনি।
২০১৪ সালের মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া দখল করে নেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
ফাঁস হয়ে যাওয়া তালিকায় নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, পোল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র ও স্পেনের নির্দিষ্ট ব্যক্তিদের নাম রয়েছে বলে জানা গেছে।
