ইয়েমেন অভিমুখে ইরানের ত্রাণবাহী জাহাজ
ইয়েমেনে যাচ্ছে ইরানের পণ্যবাহী জাহাজ। ইয়েমেনের লড়াইবিক্ষুব্ধ মানুষের জন্য ২৫ হাজার টন খাবার ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে জাহাজটি হোদাইদা বন্দরে যাচ্ছে বলে জানিয়েছে ইরান।
বৃহস্পতিবারই লেহিত সাগর পাড়ি দেবে জাহাজটি। ‘শাহেদ’ নামক এ জাহাজের ক্যাপ্টেন মাসুদ গাজি মীরসাইদ বলেছেন, “আবহাওয়া এবং জাহাজ প্রযুক্তিগত ত্রুটিমুক্ত থাকলে আগামীকাল সকালেই আমরা বাব আল-মান্দেব প্রণালীতে প্রবেশ করব।”
জাহাজটি এখন ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণ অবস্থানে আছে। এটি বৃহস্পতিবার গন্তব্যে পৌঁছবে বলে জানিয়েছে লেবানন-ভিত্তিক আল-মায়াদিন টিভি। তবে জাহাজের লোকজন সাংবাদিকদের জানিয়েছে এটি শুক্রবার বন্দরে ভিড়বে।
ইরানি এ জাহাজের আগমন ইয়েমেন নিয়ে আঞ্চলিক সংঘাত আরো বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ, ইয়েমেনের হুতি যোদ্ধাদেরকে ইরান অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে দেশটিতে বিমান হামলা চালানো সৌদি আরব ও এর মিত্র বাহিনী। তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।
আল-মান্দেব প্রণালী পেরিয়ে ইরানের ‘শাহেদ’ জিবুতি পাড়ি দেবে। সেখানে জাতিসংঘ ইয়েমেনের জন্য ত্রাণ সমন্বয়ের কাজ করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানি জাহাজটি তল্লাশি করে দেখার জন্য এটিকে জিবুতিতে নেয়ার আহ্বান জানিয়েছেন।
