২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ছবি বানানো’

একটি ‍ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে উত্তর কোরিয়া, প্রকাশিত এমন ছবিগুলো দেশটির রাষ্ট্রিয় প্রপাগাণ্ডাবিদদের ‘বানানো’ বলে দাবি করেছেন বিশ্লেষকরা ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা। 

রয়টার্স

রয়টার্স

Published : 20 May 2015, 01:00 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রযুক্তি রপ্ত করতে উত্তর কোরিয়ার আরো কয়েক বছর লাগতে পারে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন নৌবাহিনীর ওই অ্যাডমিরাল। 
 
ক্ষেপণাস্ত্র ও নিউক্লিয়ার বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটনোর জন্য উত্তর কোরিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। ৯ মে একটি ভিডিওতে জুড়ে দেয়া কয়েকটি ছবি প্রকাশ করে পানির নিচে থাকা ডুবোজাহাজ থেকে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) ছোঁড়ার দাবি করে নিষেধাজ্ঞা কবলিত দেশটি।
 
কিন্তু ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক সম্মেলনে অ্যাডমিরাল জেমস ওয়াইনফেল্ড বলেছেন, “ডু্বোজাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার প্রযুক্তির উন্নয়ন ঘটানোর চেয়ে পিযংইয়ং এখনো অনেক বছর পিছিয়ে আছে।” 
 
“তাদের চালাক ভিডিও এডিটররা ও তাদের প্রচারণাকারীরা যতদূর দেখিয়েছে ততদূর তারা যায়নি,” বলেছেন তিনি। 
 
জার্মানির শ্যুমাখার টেকনোলজির এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার মার্কাস শিলার ও রবার্ট শ্যুমাখারও অ্যাডমিরাল ওয়াইনফেল্ডের বক্তব্যকে সমর্থন করেছেন। 
 
মিউনিখের ওই দুই প্রযুক্তিবিদ বলেছেন, “ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ওই ছবিগুলো খুব ভালোভাবে তৈরি করা হয়েছে।”
 
তারা দাবি করেছেন, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র থেকে বের হওয়া অগ্নিশিখার যে প্রতিবিম্ব পানিতে পড়েছে তা ক্ষেপণাস্ত্রটির সঙ্গে ‘এক রেখায় নেই’। 
 
উত্তর কোরিয়া এর আগেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির ভুয়া দাবি জানিয়েছিল বলে জানান শিলার ও শ্যুমাখার। ২০১২ ও ২০১৩ সালে সামরিক প্যারেডের সময় প্রদর্শনীতে দেশটি দুর্বলভাবে তৈরি নকল ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল বলে জানিয়েছেন তারা। 
 
তবে পশ্চিমা বিশেষজ্ঞদের দাবি সত্বেও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের আগেই অবস্থানেই অটল আছে। তারা উত্তরের দাবিকে সত্য বলেই বিবেচনা করছে।

দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, “রকেটটি একটি ডুবোজাহাজ থেকে ছোঁড়া হয়েছিল এবং এটি পানি থেকে বের হয়ে ১৫০ মিটার পর্যন্ত উড়ে যায়, আমাদের এ ধারণা থেকে সরে আসছি না আমরা।” 
 
“আমরা আগে যেমন বলেছি, আমাদের কাছে ছবিগুলো বানানো মনে হয়নি।”