২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামাদিতে শক্তিশালী অবস্থানে আইএস

রামাদিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে ইসলামিক স্টেট (আইএস)। রোববার জঙ্গি দলটি ইরাকের এ শহর দখল করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 09:08 PM

Updated : 12 Oct 2022, 03:42 PM

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, আইএস জঙ্গিরা বাড়ি বাড়ি গিয়ে সরকার সমর্থকদের খুঁজে বের করছে এবং তাদের হত্যা করে মৃতদেহ কাছের ইউফ্রেটিস নদীতে ফেলে দিচ্ছে। সরকার সমর্থকদের ঘরবাড়ি, দোকানপাটও লুট করা হচ্ছে।

তারা শহরের প্রধান ভবনগুলোতে নিজেদের পতাকা উত্তোলন করেছে এবং কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দিয়েছে।

ওদিকে, ইরাক সরকার এরই মধ্যে রামাদি পুনর্দখলের লড়াইয়ে শিয়া মিলিশিয়াদের মাঠে নামিয়েছে। ইরাকের সু্ন্নি অধ্যুষিত অঞ্চলে সরকারের এ পদক্ষেপে ইরাকে আবারো শিয়া ও সুন্নি মুসলিম সংঘাত শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

রাজধানী বাগদাদ থেকে মাত্র ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমের শহরটির পুনর্দখল করতে ইরান সমর্থিত কয়েক হাজার মিলিশিয়া রামাদির পূর্ব দিকে জড় হয়েছে।

মঙ্গলবার আনবার পুলিশ প্রধান কাদিম আল-ফাহদাউই বলেন, রামাদির কাছে প্রশিক্ষণপ্রাপ্ত বহু সেনা সদস্য জমায়েত হয়েছে। এ অঞ্চল দিয়েই আইএস বিরোধী সেনা অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

তাদের প্রতিহত করতে আইএস জঙ্গিরাও প্রস্তুত। রামাদির বাসিন্দারা জানান, আইএস যোদ্ধারা প্রতিপক্ষকে প্রতিহত করতে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। সেইসঙ্গে তারা রাস্তায় ভূমিমাইন পোঁতা শুরু করেছে।

রামাদির একটি স্কুলের শিক্ষক ৩৭ বছর বয়সী সাঈদ হাম্মাদ আল-দুলাইমি বলেন, “আইএস সদস্যরা মাইকে স্থানীয় বাসিন্দা যাদের আত্মীয়-স্বজন কারাগারে ছিল তাদের শহরের প্রধান মসজিদে জড় হয়ে বন্দি স্বজনদের নিয়ে যেতে বলছে। আমি দেখেছি লোকজন বন্দি স্বজনদের ফিরিয়ে আনতে পাগলের মত মসজিদের দিকে ছুটছে।”

স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে আইএস এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নারীদের কাপড় বিক্রি হয় এমন একটি দোকানের মালিক জসিম মোহাম্মদ বলেন, “আইএস জঙ্গিরা আমাকে সতর্ক করে দিয়ে বলেছে, এখন থেকে আমাকে শুধু ইসলামিক ধারার পোষাকই বিক্রি করতে হবে।”

আইএস যোদ্ধারা স্থানীয়দের জন্য শিগগির খাবার, ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছে।

দুলাইমি বলেন, “আমার মনে হয় তারা রামাদির জনগণের মন জয় করার চেষ্টা করছে এবং তাদের শান্তি ও স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছে।”

“কিন্তু আমি নিশ্চিত এটা খুবই সাময়িক। সামনে খুবই ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। যখন সরকারি বাহিনী ও হাশিদ বাহিনী রামাদি পুনর্দখলের জন্য আক্রমণ শুরু করবে তখন আমাদের উভয় পক্ষের অস্ত্রের সামনে পড়তে হবে।”

আসন্ন সংঘর্ষ থেকে নিজেদের বাঁচাতে ওই এলাকার প্রায় ২৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

ওই এলাকার হাজার হাজার মানুষ চরম মানবিক সঙ্কটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ জানায়, তারা এসব গৃহহীন মানুষের জরুরি প্রয়োজন মেটানোর চেষ্টা করছে। কিন্তু সংস্থাটির হাতে তহবিল অনেক কম এবং তাদের ত্রাণও অনেকটাই শেষ হয়ে গেছে।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের রাজধানী রামাদির দখল হারানো ইরাক সরকার ও যুক্তরাষ্ট্রের আইএস দমনের কৌশল উভয়ের জন্যই চপেটাঘাত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইএস’র দখল থেকে এ শহর উদ্ধার করতে ইরাক সরকারকে অনেক কাঠখড় পোড়াতে হবে।