আফগান বিচার মন্ত্রণালয়ে বোমায় নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিচার মন্ত্রণালয়ের গাড়ি পার্কিংয়ের জায়গায় বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত এবং আরো প্রায় ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিচারমন্ত্রণালয়ের কার্যালয়ের পার্কিং এলাকায় বিস্ফোরক ভর্তি একটি টয়োটা কোরোলা গাড়ি বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। বিকালে কর্মচারীরা কাজ শেষে চলে যাওয়ার সময় এ বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও এবং আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাবুলে দু’সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে এটি বড় ধরনের পঞ্চম বোমা হামলা এবং বিচারবিভাগের ওপর তৃতীয় হামলার ঘটনা।
আফগানিস্তানজুড়ে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হওয়ার মাঝে এ হামলার ঘটনা ঘটন।
তালেবান জঙ্গিরা এ বোমা হামলার দায় স্বীকার করেছে। তারা আরো বেশি ‘দাস’ বিচারক ও কৌঁসুলি হত্যার হুমকি দিয়েছে। গাড়িবোমা বিস্ফোরণের পরপরই সাংবাদিকদের কাছে ই-মেইলে এ হুমকি দেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মুখপাত্র সেদিক সেদ্দিকি টেলিফোনে জানান, বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে।
অন্যদিকে, গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কাউসি বলেছেন, কাবুলের তিনটি হাসপাতালে ৪২ জন আহতকে ভর্তি করা হয়েছে। এ সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
